রাজ্যেই তৈরি হতে পারে সবুজ সাথী প্রকল্পের সাইকেল! ২০২১-এর লক্ষ্যে নতুন শিল্পের ভাবনা মমতার
নয় বছরে রাজ্যে কোনও বড় শিল্প তৈরি না হলেও, তা নিয়ে যথেষ্টই চিন্তা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতিবছর রাজ্য সরকার ছাত্রছাত্রীদের যে পরিমাণ সাইকেল বিলি করে, তাকে ভিত্তি করে রাজ্যে সাই
নয় বছরে রাজ্যে কোনও বড় শিল্প তৈরি না হলেও, তা নিয়ে যথেষ্টই চিন্তা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতিবছর রাজ্য সরকার ছাত্রছাত্রীদের যে পরিমাণ সাইকেল বিলি করে, তাকে ভিত্তি করে রাজ্যে সাইকেলের কারখানা তৈরির কথা ভাবছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যদি কোনও সংস্থা রাজ্যে সাইকেল তৈরির কারখানা করে, তাহলে তাদেরই এইসব সাইকেল তৈরির বরাত দেওয়া হবে।

সবুজ সাথী প্রকল্প
২০১৫ সালে সবুজ সাথী প্রকল্প চালু করা হয়েছে। নামটিও মুখ্যমন্ত্রীর দেওয়া। এই প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল ছাত্রছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেওয়া হয়। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মত হল, গ্রামের স্কুলে এই প্রকল্পে সাইকেল দেওয়া হয় যাতে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা সাইকেলে স্কুলে যেতে পারে।

করোনা পরিস্থিতির জেরে থমকে সাইকেল বিলির কাজ
বর্তমানে করোনা পরিস্থিতির জেরে সব স্কুল বন্ধ। ফলে সবুজসাথী প্রকল্পে সাইকেল বিলির কাজও বন্ধ। মুখ্যমন্ত্রীর নির্দেশ কোনও স্কুল বন্ধ থাকলেও সাইকেল বিলির কাজ বন্ধ রাখা যাবে না। আগামী সেপ্টেম্বরের মধ্যে সাইকেল বিলির কাজ শেষ করারও নির্দেশ দিয়েছেন তিনি।

সাইকেল কারখানার ভাবনা মুখ্যমন্ত্রীর
বর্তমানে ভিন রাজ্য থেকে সাইকেলের যন্ত্রাংশ এনে এখানে তা জুড়ে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। সেই সাইকেলই যদি রাজ্যে তৈরি করা যায় অর্থাৎ সাইকেল তৈরির কারখানা তৈরি করা যায়, তাহলে সেই কারখানাকেই রাজ্যের বরাত দেওয়া হবে বলে জানিয়েছেন।

শিল্প হলেই কর্ম সংস্থান
গত নয় বছরে রাজ্যে কোনও ভারী শিল্প হয়নি। যা নিয়ে বিরোধীদের মুখে নানা গঞ্জনা শুনতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে আর কয়েকমাস পেরোলেই বিধানসভা নির্বাচন। তার আগে মুখ্যমন্ত্রী সাইকেল তৈরির কারখানার কথা বলেছেন। কেননা মুখ্যমন্ত্রী জানেন রাজ্যে কারখানা তৈরি হলেই কর্মসংস্থানও হবে। যা ভোটের লড়াইয়ে মুখ্যমন্ত্রীকে সাহায্য করবে।












Click it and Unblock the Notifications