এই রাজ্যেও সিএএ চালু হবে, ফের মমতাকে আক্রমণ দিলীপের
এই রাজ্যেও সিএএ চালু হবে, ফের মমতাকে আক্রমণ দিলীপের
দিদিমনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু সারা দেশের মতো এই রাজ্যেও নাগরিকত্ব আইন চালু করা হবে। সোমবার নদিয়া জেলার কৃষ্ণনগরে নাগরিকত্ব আইনের সমর্থনে একটি মিছিল ও সভা করে এই ভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

এই দিন যখন কৃষ্ণনগর এলাকাতে দিলীপ ঘোষ এই সভা করেন , সেই সময়ে নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি মিছিল করে তৃণমূল কংগ্রেস। এই দিন শুভেন্দু অধিকারী ফের বিজেপিকে আক্রমণ করে বলেন যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন যে এই রাজ্যে এনআরসি ও নাগরিকত্ব আইন চালু করা হবে না। এই আইন প্রত্যাহার করার দাবিতে রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাবে তৃণমূল কংগ্রেস।
এইদিকে এদিন কৃষ্ণনগরের সভায় বিজেপির রাজ্য সভাপতি বলেন যে অনুপ্রবেশকারীদের মদত দিয়েছে তৃণমূল কংগ্রেস। তারাই তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক। তাদের ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রবেশকারীদের ঋণ শোধ করছেন। এনআরসি হলে তৃণমূল কংগ্রেসের ভোট কমে যাবে। কারণ অনুপ্রবেশকারীরা আর থাকতে পারবে না।
একই সাথে দিলীপ ঘোষ বলেন যে প্রত্যেক উদ্বাস্তু নাগরিকত্ব পাবেন। যারা বাংলাদেশ সহ অন্যান্য দেশে অত্যাচারের শিকার হয়েছেন ও নিজের ও পরিবারের সদস্যদের সম্মান বাঁচাতে এই দেশে এসেছেন তাদের নাগরিকত্ব পেতে কোনও পরিচয় পত্র লাগবে না।
এই দিন তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করে দিলীপ ঘোষ বলেন যে অন্য কেউ তাদের দিকে চোখ রাঙালে বা লাঠি দেখানো হলে তার উপযুক্ত জবাব দিতে তৈরি বিজেপি।
মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন যে এই সরকার রাজ্যপালকে 'টাইট' দেওয়ার জন্য আইন করতে পারেন কিন্তু বাঙালী হিন্দু উদ্বাস্তু মানুষকে নাগরিকত্ব দেওয়ার জন্য কিছু বলেন না।












Click it and Unblock the Notifications