আজ বর্ধমানে সভা অমিত শাহের, চমকের ইঙ্গিত দিল বিজেপি
কলকাতা, ২০ জানুয়ারি: আজ, মঙ্গলবার বর্ধমানে জনসভা করছে বিজেপি। উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এ দিনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তত দু'জন মন্ত্রী এবং আধ ডজন পুরসভার তৃণমূল চেয়ারম্যানরা বিজেপিতে যোগ দেবেন বলে খবর।
এক সময় বর্ধমান ছিল সিপিএমের দুর্গ। হরেকৃষ্ণ কোঙার থেকে শুরু করে নিরুপম সেন, কার দাপট দেখেনি বর্ধমান শহর তথা গোটা জেলা! পরে রং বদলে সবুজ হয়। কিন্তু রাজ্যের অন্যান্য জায়গার মতোই বর্ধমানে এখন বিজেপি-ঝড়। তিনকোনিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু করে বীরহাটা, পারবীরহাটা, ছোটনীলপুর পদ্মআঁকা পতাকায় ছয়লাপ। নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাহুল সিনহাদের বড়-বড় কাটআউট। এই সভায় বড় চমক অপেক্ষা করছে বলে ইঙ্গিত দিয়েছেন রাহুল সিনহা।

বিজেপি সূত্রে খবর, সকাল ১১টা নাগাদ বর্ধমান পৌঁছবেন অমিত শাহ। সেখানে সংস্কৃতি লোকমঞ্চে প্রথম একটি অনুষ্ঠান। তার পর সোজা যাবেন সার্কিট হাউসে। দুপুরের খাওয়া সেরে দু'টোর সময় যাবেন জনসভায় ভাষণ দিতে। বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং, আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় প্রমুখ থাকবেন অমিত শাহের সঙ্গে।












Click it and Unblock the Notifications