Howrah: “ড্রামাবাজ শুভেন্দু, সত্যি মারলে খুশি হতাম,” বেনজির আক্রমণ কল্যাণের, ভাগাড়-কাণ্ডে দিকে দিকে বিক্ষোভ
BJP vs TMC: সোমবার হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে বিপর্যস্ত মানুষকে ত্রাণ বিলি করতে এসে পুলিশের হাতে আক্রান্ত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাতে আঘাত করে পুলিশের বিরুদ্ধে শুভেন্দুকে রক্তাক্ত করার অভিযোগ ওঠে। সেই ঘটনায় প্রতিবাদের আঁচ এবার জেলায় জেলায়। বাঁকুড়ার পর হাওড়ার বিভিন্ন থানায় বিক্ষোভ বিজেপির। এদিকে, শুভেন্দু নাটক করছেন বলে পাল্টা আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে মঙ্গলবার সকালে বাঁকুড়ার ওন্দায় বিজেপি বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। ৬০ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিক্ষোভ দেখানো হয় হাওড়ার বিভিন্ন থানাতেও। লিলুয়া থানায় উত্তপ্ত হয় পরিস্থিতি। লিলুয়া থানার বাইরে আটকে দেওয়া হয় বিক্ষোভকারীদের। পুলিশের বিরুদ্ধে স্লোগান তোলেন বিজেপি কর্মীরা।

সোমবার বিকেলে বেলগাছিয়ার ভাগাড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেতেই আটকায় পুলিশ। বাড়ি বাড়ি ঘুরতে বাধা দেওয়া হয়। পুলিশের সঙ্গে সহযোগিতা করার কথা বলা হলেও শুভেন্দু অধিকারীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এমনকী, শুভেন্দু অধিকারীর হাতে আঘাত করারও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। হাত তুলে ক্ষতচিহ্ন দেখাতে থাকেন শুভেন্দু।
শুভেন্দু বলেন, "মমতার পুলিশ মারল, দেখুন। সাধারণ মানুষকে নিরাপত্তাটুকু দিতে পারে না। আর গরিব অসহায়দের পাশে দাঁড়াতে দিচ্ছে না। বুদ্ধদেব মমতাকে প্রোটেকশন দিত। আর মমতা বিরোধী দলনেতাকে মার খাওয়াচ্ছেন। লম্পট মন্ত্রী এসেছিল, পালিয়েছে ওদিকে। সরকার মারা গিয়েছে, এটা প্রমাণ হচ্ছে।" এরপর বিধানসভায় ব্যান্ডেজ হাতে দেখা যায় তাঁকে। বিজেপি নেতা সজল ঘোষ বিধানসভা সটান অ্যাম্বুল্যান্স নিয়ে হাজির হন।
এপ্রসঙ্গে মঙ্গলবার শুভেন্দুকে বেনজির আক্রমণ শানিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংসদের বাইরে এদিন তিনি বলেন, "শুভেন্দু এক নম্বরের ড্রামাবাজ লোক। ওকে কে মারবে? ৬০ খানা সিআইএসএফ ঘিরে থাকে,তাতেও মারছে? বাজার খুব খারাপ ওঁর। নাটক করে চলছে। আমি তো খুশি হতাম শুভেন্দু সত্যি সত্যি মার খেলে।"
শুভেন্দুর উপর আক্রমণের ঘটনায় বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "রাজ্য সরকারের মন্ত্রীরা যেতে পারেন, বিরোধী দলনেতা কেন যেতে পারেন না? কেন আটকানো হবে? যে পুলিশের রক্ষা করার কথা, সে তাঁকে ঘায়েল করছেন। পুলিশের কোনও অধিকার নেই।" ঘটনার তীব্র নিন্দাও জানান দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications