নিখোঁজ পোস্টার পড়তেই হাজির বিজেপি সাংসদ, জনসমক্ষে হোটেলে বসে সারলেন মধ্যাহ্নভোজ
বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নামে কয়েকদিন আগেই পড়েছিল নিখোঁজ পোস্টার। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এই নিখোঁজ পোস্টারকে ঘিরে যখন চতুর্দিকে জল্পনা শুরু হয়েছিল, তখনই জনসমক্ষে হাজির সাংসদ। দুর্গাপুরে মহকুমা আদালতের সামনে হোটেলে সপার্ষদ মধ্যাহ্নভোজ সারলেন তিনি।
যেখানে তাঁর নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ হয়ে গিয়েছিল, সেখানে বসে খেতে এলেন সংসদ এস এস আলুওয়ালিয়া। গত বুধবার সকালে এই চত্বরেই পোস্টার পড়েছিল তাঁর নামে। পোস্টারে লেখা-দুর্গাপুরের সাংসদজি/ দিল্লি থেকে ফিরল কি?/ তাই না দেখা দলের লোক/ অন্য কেউ এমপি হোক।

শুক্রবার সেই আদালত চত্বরে সামনে দেখা গেল সাংসদকে। তিনি খাবারের হোটেল দলীয় কর্মীদের নিয়ে মধ্যাহ্নভোজে সারছেন। দুর্গাপুর মহকুমা আদালত ভবনের বিল্ডিংয়ের সামনে একটি হোটেলে বসে হোটেলে খাবার খেতে খেতে সাংসদ বলেন, কেউ কানা থাকে, কেউ অন্ধ থাকে, কেউ মন থেকে দেখে, কেউ চোখ দিয়ে দেখে।
তিনি বলেন, কেউ আবার দেখেও না দেখার ভান করে। যেখান থেকে আমার ছবি ডাউনলোড করা হয়েছে, সে যদি আমার বায়োডাটা দেখে নিত, তাহলে আমাকে আর বহিরাগত বলত না। আমার জন্ম বর্ধমান জেলায়। কে এই পোস্টারটা লাগিয়েছে, তার নামও জানি। দু'দিন পরে তাকে ফোন করে তার বাড়িতেও যাব চা খেতে।
সাংসদ আরও বলেন, যে আমার পোস্টার লাগিয়েছে, তাঁকে বলব, তাঁর বউকে বলব, তাঁর বাচ্চাকে বলব,যে আমার চেহারা তো তোমরা দেখনি, তাই আমার চেহারা তোমাদের দেখাতে এলাম। বুধবার সকালে দুর্গাপুর মহকুমা আদালত সুরিন্দর সিং আলুওয়ালিয়ার এহেন পোস্টার দেখা যায় আদালত চত্বরে।
পোস্টারে উল্লেখ করা হয়েছিল, বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরেন্দর সিং আলুওয়ালিয়ার দেখা মেলে না। এর আগে দার্জিলিংয়েও একই পোস্টার পড়েছিল। ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে সেই পোস্টার পড়ায় সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে দার্জিলিং থেকে সরিয়ে পূর্ব বর্ধমানে প্রার্থী করা হয়। এবং এই কেন্দ্র থেকে তিনি বিজয়ী হন।












Click it and Unblock the Notifications