বিজেপির ৭২ বিধায়ক তৃণমূলে যাচ্ছেন! জল্পনার মাঝে দলের নেতার কেন এমন বার্তা
বিজেপির ৭২ বিধায়ক তৃণমূলে যাচ্ছেন! জল্পনার মাঝে দলের নেতার কেন এমন বার্তা
একুশের নির্বাচনের ফল প্রকাশের পর একমাস কাটতে না কাটতেই দলবদলের উল্টে স্রোত বইতে শুরু করেছে। বিজেপিতে বেসুরো হচ্ছেন নেতা-নেত্রীরা। বিশেষ করে দলবদলু নেতাদের মধ্যেই এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই ইতিমধ্যে বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার আবেদন করেছেন। কিন্তু তাঁদের নিয়ে চিন্তা নেই বিজেপির, বিজেপির যত চিন্তা বিধায়কদের ধরে রাখা নিয়ে।

বিজেপির ৭২ বিধায়ক তৃণমূলে যাচ্ছেন! জল্পনা তুঙ্গে
শুধু দলবদলু নেতারা নন, বিজেপির অনেক বিধায়ক নাকি যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে। বিশেষ করে যাঁরা পুরনো দল থেকে এসেছিলেন, তাঁরাই ঘরওয়াপসি করতে চাইছেন। সম্প্রতি বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য তা নিয়ে তাচ্ছিল্যপূর্ণ বার্তা দিয়েছেন তৃণমূলকে উদ্দেশ্য করে। তিনি বলেন, আমাদের কাছে তো খবর রয়েছে, বিজেপির ৭২ বিধায়ক তৃণমূলে যাচ্ছেন!

যাঁরা তৃণমূলে যেতে চান, প্রত্যেকের জন্য শুভেচ্ছা বিজেপির
শমীক ভট্টাচার্য শুধু এখানেই থেমে থাকেননি। তিনি বলেন, যাঁরাই বিজেপি ছেড়ে তৃণমূলে যান না কেন, তাঁদের প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইল। যেখানে গিয়ে তাঁরা শান্তিতে থাকবেন বলে মনে করেন, সেখানে গিয়ে তাঁরা শান্তিতে থাকুন। কাউকে আমরা জোর করে দলে আনিনি, কারও আঁচল না ধরে আমাদের দল নিজের গতিতে এগিয়েছে।

দল থেকে এক-আধজন চলে যাওয়া মানে দলের ক্ষতি নয়
শমীকের কথায়, দল থেকে এক-আধজন চলে যাওয়া মানে দলের ক্ষতি নয়। যাঁরা বিজেপিতে রাজনীতি করতে এসেছেন, তাঁরা সম্পৃক্ত আছেন। কিছু জায়গা ভয় দেখিয়ে জোর করে তৃণমূলে যোগদান করানো হচ্ছে। এমনকী যাঁরা বেসুরো বাজছেন তাঁদের নেপথ্যেও ভয় কাজ করছে। এভাবে বিজেপিকে আটকানো যাবে না।

তৃণমূল ছেড়ে বিজেপিতে আসবেন অনেকেই, পাল্টা শমীকের
শমীক আবার পাল্টা জানিয়ে দেন, ভোটের আগে বহু মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন। অনেকে এখনও আসেননি। তাঁরা যোগাযোগ রাখছেন, তাঁরাও আসবেন তৃণমূল ছেড়ে বিজেপিতে। তৃণমূল কংগ্রেস তো অন্যদের নিয়ে তৈরি করা দল। কংগ্রেস থেকে জন্ম নিয়ে অশান্ত শিশু ওরা।

বিজেপি ছেড়ে যাঁরা তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন
শমীক ভট্টাচার্য সাফাই গান বিজেপির বেসুরোদের নিয়ে। তবে বিজেপিতে যে বেসুরোর সংখ্যা বাড়ছে, তা বলাই যায়। ইতিমধ্যেই সোনালি গুহ, সরলা মুর্মু, অমল আচার্য, দীপেন্দু বিশ্বাসরা আবেদন করেছেন তৃণমূলে ফিরতে, আবেদন করেছেন বিজেপির সংখ্যালঘু মোর্চা ত্যাগী নেতা কাশেম আলি, কবিরুল ইসলামরা। তারপর বেসুরো নেতা-নেত্রীরা তো আছেনই। তৃণমূলের দাবি, অনেক সাংসদ-বিধায়ক যোগাযোগ রেখেছেন।












Click it and Unblock the Notifications