মন্দিরে বিয়ে সেরে অনুষ্ঠানের টাকা মুখ্যমন্ত্রীর করোনা রিলিফ ফান্ডে দান করলেন হাওড়ার দম্পতি
মন্দিরে বিয়ে সেরে অনুষ্ঠানের টাকা মুখ্যমন্ত্রীর করোনা রিলিফ ফান্ডে দান করলেন হাওড়ার দম্পতি
গোটা দেশে দ্বিতীয় দফার লকডাউন শুরু হয়েছে। আরও কড়া নজরদারি। বিয়ের অনুষ্ঠান শিকেয় তুলে অভিনব পথ বেছে নিলেন হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা দীপায়ণ এবং পিয়ালি। মন্দিরে সিঁদুরদান সেরে অনুষ্ঠানের টাকা মুখ্যমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে দান করেছেন তাঁরা।

করোনা থাবায় বিয়ের অনুষ্ঠান ভন্ডুল
বৈশাখেই বিয়ে ঠিক হয়েছিল হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা দীপায়ণ এবং পিয়ালির। আয়োজন চলছিল দুই বাড়িতেই। এরই মাঝে থাবা বসায় করোনা ভাইরাস। ২১ দিনের লকডাউন শেষ হলে বিয়ে করা যাবে এই আশায় ছিল দুই পরিবার। কিন্তু লকডাউনের সময়সীমা বাড়তেই সে আশায় জল ঢালেন তাঁরা। কিন্তু বিয়ের দিন তো বাতিল করা যাবে না। তাই মন্দিরেই নম নম করে সিঁদুরদান সেরে ফেলেন দীপায়ণ এবং পিয়ািল। পরিবারের লোকের আশির্বাদ নিয়ে শুরু করলেন নতুন জীবন। পয়লা বৈশাখের রাতেই বিয়ে সেরে বরকে স্কুটিতে চাপিয়ে শ্বশুরবাডি় পৌঁছন নববধূ।

ত্রাণ তহবিলে দান
দুই বাড়ির তাঁদের সন্তানদের বিয়ের জন্য যে অর্থ সঞ্চয় করে রেখেছিলেন সেই টাকা মুখ্যমন্ত্রী করোনা ত্রাণ তহবিলে দান করেন। নবদম্পতির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা। রাজ্যে করোনা সংক্রমণ যেভাবে বেড়ে চলেছে তাতে অনেক বিয়ের অনুষ্ঠানই আটকে পড়েছে। সেখানে একটা নতুন দিশা দেখালেন হাওড়ার নবদম্পতি।

করোনা থাবায় বাড়ছে ডিজিটাল বিয়ে
করোনার কারণে লকডাউন বেড়েছে। জমায়েত একেবারেই বন্ধ। তাই অনেক জায়গাতেই অনলাইনে ভিডিও কল করে বিয়ের অনুষ্ঠান করা হচ্ছে। মহারাষ্ট্র, দিল্লিতে একাধিক বিয়ের অনুষ্ঠানে এভাবেই হচ্ছে। সেখানেই ভিডিও কলের মাধ্যমেই বিয়ে সারছেন পুরোহিতরাও।












Click it and Unblock the Notifications