ব্যাটেলগ্রাউন্ড নন্দীগ্রাম, বাংলা ভাষাতেই 'বাংলার মেয়ে' মমতাকে চ্যালেঞ্জ স্মৃতি ইরানির!
নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী৷ শুক্রবার রীতিমতো ধুমধাম করে মনোনয়ন পেশ করতে যান তিনি৷ তার আগে নন্দীগ্রামে একটি সভারও আয়োজন করা হয় বিজেপির তরফে৷ সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি৷ বলেন, দিদি খেলা করুন, আসল পরিবর্তন করবেন মোদীই৷

'বাংলায় আসল পরিবর্তন হবে দেশের প্রধানমন্ত্রীর হাত ধরেই'
দিদি শুধু খেলাই করুন, উন্নয়ন যা করার তা করবেন নরেন্দ্র মোদীই৷ বাংলায় আসল পরিবর্তন হবে দেশের প্রধানমন্ত্রীর হাত ধরেই৷ শুক্রবার নন্দীগ্রামের সভামঞ্চ থেকে ঠিক এই ভাষাতেই তৃণমূলের 'খেলা হবে' স্লোগানের জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷ এদিন স্মৃতির ভাষণের আগাগোড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করেন তিনি৷ এবারের ভোটে তৃণমূলের ক্য়াচ লাইন 'খেলা হবে'-এর জবাবে কার্যত ভিলেন বানিয়ে দেন 'বাংলার মেয়ে'কে৷

'বাংলার মেয়ে'কে বাংলা ভাষাতেই চ্যালেঞ্জ করলেন স্মৃতি
সংযুক্ত মোর্চার ব্রিগেড সমাবেশের আগে বামেদের 'টুম্পা সোনা' যদি হটকেক হয়, তাহলে পিছিয়ে নেই তৃণমূলীরাও৷ তাদের খেলা হবে স্লোগানও চূড়ান্ত হিট৷ এতটাই যে, এ নিয়ে ঠাট্টা তামাশা করলেও এড়িয়ে যেতে পারছে না বিরোধী কোনও পক্ষই ৷ বরং, তৃণমূলের স্লোগান ধার করেই তাতে পাল্টা কথা বসাতে হচ্ছে লাল আর গেরুয়াশিবিরকে৷ শুক্রবার নন্দীগ্রামের সভামঞ্চ থেকেও সেই স্লোগানকে সামনে রেখেই একের পর এক তোপ দাগলেন স্মৃতি৷ বাংলায় এসে 'বাংলার মেয়ে'কে চ্যালেঞ্জ করলেন বাংলা ভাষাতেই৷

'উন্নয়নের নামে মানুষকে ভুল বুঝিয়েছেন মমতা'
স্মৃতির অভিযোগ, গত ১০ বছরে বাংলার সঙ্গে, বাংলার মানুষের সঙ্গে কার্যত ছেলেখেলা করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷ উন্নয়নের নামে মানুষকে ভুল বুঝিয়েছেন তিনি৷ কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম বদলে রাজ্য়ের বলে চালানোর চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ ফলে কাজ করেছেন মোদী, আর ফটো তুলেছেন দিদি৷

মমতার নির্বাচনী কেন্দ্র বদলের সিদ্ধান্তকেও কটাক্ষ
মমতার নির্বাচনী কেন্দ্র বদলের সিদ্ধান্তকেও কটাক্ষ করতে ছাড়েননি স্মৃতি৷ এই প্রসঙ্গে তাঁর কথায় ঝরে পড়েছে ব্যঙ্গ৷ স্মৃতির ইঙ্গিত, উন্নয়ন নিয়ে ছেলেখেলা করাতেই আজ নিজের ঘাঁটি ছাড়তে বাধ্য হয়েছেন মমতা৷ ভবানীপুর ছেড়ে প্রার্থী হয়েছেন নন্দীগ্রামে৷ প্রসঙ্গত, এদিনের সভামঞ্চে স্মৃতি ইরানি ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রের আর এক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷












Click it and Unblock the Notifications