মানবিক মুখ্যমন্ত্রী! পথ দুর্ঘটনাগ্রস্ত বিহারের বাসিন্দাদেরও ক্ষতিপূরণ দিল মমতার পশ্চিমবঙ্গ সরকার
ভয়াবহ পথ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিহারের তীর্থযাত্রীদের পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। মৃত এবং আহতদের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্ষতিপূরণের অর্থ তুলে দেওয়া হয়েছে। এই মানবিক উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় সকলে।
শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে যান মন্ত্রী স্বপন দেবনাথ। তাঁর সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি, জেলা পুলিশ সুপার সায়েক দাস এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপসকুমার ঘোষ। মন্ত্রী স্বপন দেবনাথ জানান, মৃত তীর্থযাত্রীরা বিহারের বাসিন্দা হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার তাঁদের পাশে দাঁড়িয়েছে।

দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে, গুরুতর আহত ৬ জনকে ১ লক্ষ টাকা করে এবং বাকি আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। মন্ত্রী স্বপন দেবনাথ অভিযোগ করেন, পূর্ব বর্ধমান জেলা প্রশাসন বারবার যোগাযোগ করেও বিহার সরকারের কাছ থেকে তেমন সাড়া পাচ্ছে না। তবে আহতদের চিকিৎসা পরিষেবা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি আরও জানান, জেলা পুলিশ প্রশাসন বিহার সরকারের সঙ্গে যোগাযোগ রেখে অল্প আহতদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করছে। চিকিৎসকরা রোগীদের সুস্থ করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।
শুক্রবার স্বাধীনতা দিবসের সকালে বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের ফাগুপুরে এক মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটে। দুর্গাপুরের দিকে যাওয়ার পথে তীর্থযাত্রী বোঝাই একটি বেসরকারি বাস দাঁড়িয়ে থাকা একটি ১২ চাকার লরির পিছনে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ১১ জন তীর্থযাত্রীর মৃত্যু হয় এবং ৩৬ জন আহত হন।
বাসের যাত্রীরা সকলেই বিহারের মতিয়ার থানার চিরাইয়া সারসওয়া ঘাট এলাকার বাসিন্দা ছিলেন। গঙ্গাসাগরে স্নান সেরে তাঁরা বাড়ি ফিরছিলেন। বাসটিতে ৫ জন শিশু-সহ মোট ৪৫ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়।












Click it and Unblock the Notifications