দিলীপ ঘোষের শেষের দিনের ইঙ্গিত বাবুলের টুইটারে! বিজেপি নেতৃত্বে প্রশ্নে বিশ্বাসযোগ্যতা
বাবুল সুপ্রিয়র টুইটের ভাষায় অন্য সুর দেখছে রাজনৈতিক মহলের একাংশ। রাজনৈতিক মহল মনে করছে দিলীপ ঘোষের রাজ্য সভাপতির মেয়াদ শেষ হয়ে এসেছে।
বাবুল সুপ্রিয়র টুইটের ভাষায় অন্য সুর দেখছে বঙ্গ রাজনৈতিক মহলের একাংশ। রাজনৈতিক মহল মনে করছে দিলীপ ঘোষের রাজ্য সভাপতির মেয়াদ শেষ হয়ে এসেছে। নতুন করে তাঁর ওই পদে ফেরার আশা ক্ষীণ। সেই কারণেই চাঁছাছোলা ভাষা দিলীপ ঘোষকে একহাত নিয়েছেন বাবুল এবং সাফ জানিয়ে দিয়েছেন তাঁর মন্তব্য একান্তই ব্যক্তিগত, তা দলের নয়।

দিলীপের বিরোধিতায় বাবুল
বাবুলের এই কথা ঘিরেই জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি। তাঁর কথা যদি দলের কথা না হয়, তবে কার কথা দলের মত বলে ধরা হবে। বাবুল যখন দিলীপের মন্তব্যের সমালোচনা করে বললেন, তাঁর মন্তব্য ব্যক্তিগত, দলের নয়, তখন তা ভাবারই বিষয়।

বাবুলের মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ
বিজেপিতে রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে অমিত শাহের দূত ভূপেন্দ্র যাদব রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। তাঁদের মত নিয়েছেন। সেখানে অনেকেই দিলীপ ঘোষের বিপক্ষে মত প্রকাশ করেছেন। ১৭ জানুয়ারি এ বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে। তারপর বাবুলের মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

অভিষেকের ব্যাখ্যায় দিলীপের বিশ্বাসযোগ্যতা
এদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গুলি-মন্তব্যের কটাক্ষ করে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দিলীপ ঘোষের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। দিলীপ ঘোষের এই মন্তব্য বাংলায় বিজেপির নেতৃত্বে দিলীপ ঘোষের বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর সন্দেহ প্রকাশ করেছে।

বিজেপির চরিত্র আর দিলীপের মন্তব্য প্রসঙ্গে
অভিষেক টুইটে লেখেন, দিলীপ ঘোষ সঠিক মন্তব্যই করেছেন। তাঁর মন্তব্য বিজেপির চরিত্রকে সঠিকভাবে চিহ্নিত করেছে। তাই তাঁর নিজের দলের সংসদ সদস্যই প্রকাশ্যে তা খণ্ডন করতে ময়দানে নেমে পড়েছেন। দিলীপ ঘোষের মন্তব্যকে প্রত্যাখ্যান করে তিনি বলেছেন এটা দলের নয়, দিলীপবাবুর ব্যক্তিগত মত। এখানেই তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

দিলীপ কী মন্তব্য করেছিলেন
নদিয়ার সভায় দিলীপ ঘোষ বলেছিলেন, যাঁরা আগুনি লাগাচ্ছে, সম্পত্তি নষ্ট করছে, তাদের কি বাপের সম্পত্তি এটা। এটা আমার-আপনার সম্পত্তি। অসম-উত্তরপ্রদেশে আমাদের সরকার এই বিক্ষোভকারীদের কুকুরের মতো গুলি চালিয়েছে। আমরাও সুযোগ পেলে গুলি করে মারব সরকারি সম্পত্তি ধ্বংসকারীদের।

কী বলেছিলেন বাবুল সুপ্রিয়
দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের পর বাবুল সুপ্রিয় টুইট করে সমালোচনায় মুখর হয়েছিলেন। বিজেপি সাংসদ টুইটারে লিখেছিলেন, দিলীপ ঘোষ যা বলেছেন, তাতে বিজেপির কোনও সম্পর্ক নেই। এটা তাঁর কল্পনা প্রসূত মন্তব্য। আমাদের সরকার অর্থাৎ অসম ও উত্তর প্রদেশের বিজেপি সরকার মানুষের উপর কখনই গুলি চালায়নি। খুবই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications