উসকানিমূলক মন্তব্যের অভিযোগ, অর্জুনের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের তৃণমূলের
বিজেপি নেতা অর্জুন সিংয়ের মন্তব্যের জেরে ব্যারাকপুর কমিশনারেটে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের অভিযোগ, অর্জুন সিং নেপালের উদাহরণ টেনে এনে রক্তক্ষয়ী আন্দোলনের কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার চক্রান্ত করছেন। ভাটপাড়া, জগদ্দল, নৈহাটি, টিটাগড়সহ একাধিক জায়গায় থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে।
সম্প্রতি অর্জুন সিং মন্তব্য করেন, "নেপালের মতো বাংলাতেও দুর্নীতির বিরুদ্ধে গণঅভ্যুত্থান হওয়া প্রয়োজন। বিনা রক্তপাতে কোনও দুর্নীতিগ্রস্ত শাসক বা শাসন ব্যবস্থা শেষ হয় না।" তাঁর এই মন্তব্যের পরই শোরগোল পড়ে গিয়েছে।

নেপালে সম্প্রতি যুব সমাজ যেভাবে রাস্তায় নেমে হিংস্র হয়ে উঠেছে তা সারা বিশ্বে খবর হয়েছে। সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হলেও আদতে সরকারের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছে ছাত্র-যুবরা। এর জেরে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। বিক্ষুব্ধ জনতা নেপালের উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পৌডেলকে তাড়া করে মারধর করেছে এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে হত্যা করেছে। ফলে সবমিলিয়ে রক্তক্ষয়ী অবস্থা নেপালে।
এই প্রেক্ষাপটেই অর্জুন সিংয়ের মন্তব্যের পরই ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ পার্থ ভৌমিক এলাকারই প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে সমাজবিরোধী বলে তোপ দাগেন। তিনি বলেন, অর্জুন সিং যে মন্তব্য করেছেন তাতে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের ইঙ্গিত রয়েছে। আমরা চাই পুলিশ যথাযথ ব্যবস্থা নিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু হলে তৃণমূল কংগ্রেসের সদস্য, সমর্থক ও বাংলার মানুষ অর্জুন সিংকে ছেড়ে দেবে না।












Click it and Unblock the Notifications