‘সেকেন্ডম্যানে’র পর ‘থার্ডম্যান’ গেলেও তোয়াক্কা নেই অনুব্রতর! ভরসার নাম মমতা
‘সেকেন্ডম্যানে’র পর ‘থার্ডম্যান’ গেলেও তোয়াক্কা নেই অনুব্রতর! ভরসার নাম মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০০ ভাগ আস্থা রয়েছে বাংলার মানুষের। তাই সেকেন্ডম্যান যান বা থার্ডম্যান- কিছু এসে যায় না তৃণমূলের। সোজাসাপ্টা কথা অনুব্রত মণ্ডলের। বীরভূমে তাঁর খাসতালুকে দাপিয়ে বেড়াচ্ছেন অমিত শাহ, রোড শোয়ে ভিড় উপচে পড়েছে, তবু মালুম নেই। কারণ তাঁর কাছে ভরসার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।

সেকেন্ড ইন কম্যান্ড তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন
মুকুল রায় তৃণমূলে সেকেন্ড ইন কম্যান্ড বলে পরিচিত ছিলেন। তিনি ২০১৭ সালে দল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। তারপর তাঁর পথ ধরে অনুগামীরা অনেকেই গিয়েছেন বিজেপি শিবিরে। তার প্রভাব যে পড়েনি, তা নয়। বিজেপি দুই থেকে বেড়ে ১৮ হয়েছে। আর তৃণমূল কমে ৩৪ থেকে ২২। এখন আবার আরও কম ২১। আর বিজেপি ১৯। তবু অটল অনুব্রত।

সেকেন্ডম্যান বা থার্ডম্যানও তৃণমূল ছেড়ে বিজেপিতে
সম্প্রতি তৃণমূল শুভেন্দু-হারা হয়েছে। শুভেন্দু বড় নেতা। মমতার পর জনপ্রিয়তায় তিনিই সেরা। তা এক বাক্যে স্বীকার করেন প্রায় সবাই। তাঁকে হারিয়েও অনুব্রত নির্ভয়। শুভেন্দুকে দলের থার্ডম্যান বলে কটাক্ষ করে অনুব্রত বলেন, সেকেন্ডম্যান বা থার্ডম্যান, যেই যান কিচ্ছু হবে না। বাংলায় জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।

বীরভূমে হাড্ডাহাড্ডি লড়াইয়েও তোয়াক্কা করছেন না কেষ্ট
অনুব্রত-গড় বীরভূমে দুটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল। কিন্তু ১১টি বিধানসভার নিরিখে বিজেপি কম যায়নি বিগত লোকসভায়। ২০১৯-এর লোকসভা ভোটের হিসেবে ৬টিতে এগিয়ে তৃণমূল আর ৫টিতে বিজেপি। উভয় দলের ভোট ব্যবধান মাত্র ৩ শতাংশ। তারপর শাহের রোড শো যে ছবি দেখাল, তারপর হৃদকম্প ধরে যাওয়াই উচিত। কিন্তু তিনি যে অনুব্রত মণ্ডল।

বুক বাজিয়ে চ্যালেঞ্জ দিয়ে রাখলেন অনুব্রত মণ্ডল
বুক বাজিয়ে জানিয়ে দিলেন, ওসব লোকের ভিড়ফিড় দেখাবেন না। আমিও শুধু বীরভূমের পাঁচটি ব্লক থেকে ৫ লক্ষ লোক জমায়েত করতে পারি। সামনের মাস থেকে জনসভা শুরু করব ব্লকে ব্লকে। কোনও বাইরের লোক আনব না। শুধু ব্লকের লোক দিয়ে ৮০ হাজার করে জমায়েত করব। চ্যালেঞ্জ দিয়ে রাখলেন অনুব্রত।












Click it and Unblock the Notifications