অপদার্থ মোদী! হেভি টাফ ২০২১-এর নির্বাচন, দলের পুরনো কর্মীদের ফিরিয়ে আনতে অনুরোধ অনুব্রতর
সরাসরি স্বীকার না করলেও, ২০২১-এর বিধানসভা নির্বাচন যে তৃণমূলের সামনে চ্যালেঞ্জের হতে যাচ্ছে, তা কার্যত স্বীকার করে নিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দলের কর্মিসভায় বিষয়টি তুলেও ধরছেন তিনি
সরাসরি স্বীকার না করলেও, ২০২১-এর বিধানসভা নির্বাচন যে তৃণমূলের সামনে চ্যালেঞ্জের হতে যাচ্ছে, তা কার্যত স্বীকার করে নিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দলের কর্মিসভায় বিষয়টি তুলেও ধরছেন তিনি। বুধবার অনুব্রত মণ্ডল এমনই একটি সভা করেন পূর্ব বর্ধমানের ভাতারের ওড়গ্রামে।

হেভি টাফ ২০২১-এর নির্বাচন
আউশগ্রাম ১ ব্লকের কর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা হয় ভাতারে। সূত্রের খবর অনুযায়ী, সেখানেই অনুব্রত মণ্ডলকে বলতে শোনা যায়, ২০২১ সালের বিধানসভা নির্বাচন হেভি টাফ।

ভুল হয়েছে, কার্যত মানছেন অনুব্রত
এই সাংগঠনিক সভায় অনুব্রত মণ্ডলকে বলতে শোনা যায়, দয়া করে কেউ ভুল কাজ করবেন না। যদিও কোনও ভুল হয়ে থাকে, কেউ যদি মেটাতে না পারেন, তাহলে তা যেন তাঁর কাছে নিয়ে যাওয়া হয়। তিনিই মিটিয়ে দেবেন।

ফের মোদীর বিরুদ্ধে তোপ
ভাতারের কর্মিসভায় অনুব্রত মণ্ডল ফের তোপ দাগেন প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে। তিনি বলেন, নরেন্দ্র মোদী মানুষের ভাল চান না, মানুষের কোনও উপকার করেননি। মোদীকে আক্রমণ করে অনুব্রত বলেন, সরকারি জায়গায় বসবাস করলেও, তুমি তেলেঙ্গানায় গরিব আদিবাসীদের উচ্ছেদ করেছো। আগেকার কংগ্রেস সরকার এই উচ্ছেদ করেনি।

প্রধানমন্ত্রী অপদার্থ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের অপদার্থ বলেও আক্রমণ করেন অনুব্রত। দেশে করোনার সংক্রমণের জন্য প্রধানমন্ত্রীকেই কাঠগড়ায় তোলেন তিনি। তাঁর অভিযোগ, গুজরাতের আহমেদাবাদের নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে আমেরিকা থেকে ৩ হাজার লোক এসে করোনা ছড়িয়ে পালিয়ে গিয়েছে।

পুরনো কর্মীদের সঙ্গে নিয়ে চলতে অনুরোধ
কর্মিসভা থেকে অনুব্রত মণ্ডলের নির্দেশ, দলের যেসব পুরনো কর্মী মুখ ঘুরিয়ে নিয়েছেন, তাঁদেরকে সঙ্গে নিয়ে চলতে হবে। আর যদি কেউ বিজেপিতে গিয়ে থাকেন, তাঁদের আলোচনার মাধ্যমে ফিরিয়ে আনার ব্যাপারে গুরুত্ব দিতে হবে।












Click it and Unblock the Notifications