প্রতিবেশী বিবাদের জের! সাত বছরের বালককে ছুরি দিয়ে কোপাল দুষ্কৃতীরা
জলসা থেকে ফেরার পথে সাত বছরের বালককে ছুরি দিয়ে এলাপাথাড়ি কোপাল দুষ্কৃতীরা। প্রতিবেশীদের সঙ্গে বিবাদের জেরেই এই খুনের চেষ্টা!
দক্ষিণ ২৪ পরগনা, ২৮ জানুয়ারি : জলসা থেকে ফেরার পথে সাত বছরের বালককে ছুরি দিয়ে এলাপাথাড়ি কোপাল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের সীমানাবাজার এলাকায়। অভিযোগ, প্রতিবেশীদের সঙ্গে বিবাদের জেরেই এই খুনের চেষ্টা। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় আনারুল ঢালি নামে ওই বালক হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় মাদ্রাসা মোড় থেকে গতরাতে বাড়ি ফেরার সময় আনারুলের উপর হামলা হয়। আত্মীয় নূরবক্স ঢালির সঙ্গে ফিরছিল সে। তখনই একদল দুষ্কৃতী তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। নূর বক্স কোনওরকমে পালিয়ে যায়। নূর পালিয়ে গেলে দুষ্কৃতীরা রাস্তায় ফেলে এলোপাথাড়ি কোপাতে শুরু করে আনারুলকে।

এদিকে বাড়ি ফিরে নূর সবাইকে জানায় এই ঘটনার কথা। পরিবারের লোক ছুটে আসে আনারুলকে বাঁচাতে। তাড়া খেয়ে আনারুলকে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় আনারুলকে উদ্ধার করে স্থানীয় নিমপীঠ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর অবস্থায় আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর কলকাতায় স্থানান্তরিত করে।
জয়নগর থানায় অভিযোগ জানিয়েছে পরিবার। আনারুলের পরিবারের অভিযোগ, প্রতিবেশী পরিবারের সঙ্গে বিবাদ চলছিল। তারই জেরে এই হামলার ঘটনা। কিন্তু পারস্পরিক শত্রুতার জেরে প্রতিহিংসা চরিতার্থ করতেই একটা শিশুকে নৃশংসভাবে কোপানো হবে, তা ভাবতে পারেননি কেউ।












Click it and Unblock the Notifications