এক বছর পর ফের প্রতিযোগিতামূলক টেনিসে ফিরলেন সানিয়া মির্জা। গত বছর ফেব্রুয়ারিতে শেষবার ডব্লিউটিএ সার্কিটে তিনি খেলেছিলেন দোহায় এই কাতার ওপেনেই। যদিও পরে করোনা পরিস্থিতির জেরে ফের বছরখানেক কোর্টের বাইরে থাকতে হলো তাঁকে।
গত জানুয়ারি মাসে সানিয়া নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। সব বাধা কাটিয়ে ফের তিনি কোর্টে নামলেন। স্লোভেনিয়ার আন্দ্রেয়া ক্লেপাচের সঙ্গে জুটি বেঁধে সানিয়া খেলছেন কাতার ওপেনে। এই ডব্লিউটিএ ৫০০ টুর্নামেন্টের ডাবলস প্রথম রাউন্ডেই গতকাল জিতে সানিয়ারা পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে। ইউক্রেনের প্রতিপক্ষ নাদিয়া ও লিউদমিলা কিচেনক জুটিকে সানিয়া-ক্লেপাচ জুটি হারাল ৬-৪, ৬-৭(৫), ১০-৫ ফলে। তবে সানিয়াদের জিততে হলো বেশ ঘাম ঝরিয়েই। পুরানো পার্টনার তাঁর বোনের সঙ্গে নেমে এবার বেগ দিলেন সানিয়া ও কোর্টে তাঁর নতুন সঙ্গীকে। যদিও শেষ হাসি হাসলেন সানিয়ারাই।
সন্তানের জন্মের পর সানিয়া প্রথম কোর্টে নেমেছিলেন গত বছর হোবার্ট ওপেনে, এই নাদিয়ার সঙ্গে জুটি বেঁধেই। কোর্টে সাফল্যের ধারা অব্যাহত রেখে টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জনকেও পাখির চোখ করছেন সানিয়া।