টেনিসের 'বিগ থ্রি' কি সত্যিই বৃদ্ধ হয়েছেন? জবাব দিলেন কিংবদন্তি জকোভিচ
টেনিসের 'বিগ থ্রি' কি সত্যিই বৃদ্ধ হয়েছেন? জবাব দিলেন কিংবদন্তি জকোভিচ
আরও এক হাই-ভোল্টেজ ফাইনালে মুখোমুখি হতে চলেছে রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। আরও এক রুদ্ধশ্বাস লড়াই দেখার অপেক্ষায় বসে রয়েছে টেনিস বিশ্ব। দুই তারকার ইতালিয়ান ওপেনের ফাইনাল শুরু আর কয়েক ঘণ্টার মধ্যেই। তার আগে কিংবদন্তি নাদালের এক মন্তব্যে টেনিস দুনিয়ায় ঝড় উঠেছে। যা আবার খণ্ডন করেছেন প্রতিদ্বন্দ্বী জকোভিচ। ইতালিয়ান ওপেনের ফাইনালের আগে কোন কথা নিয়ে বাকযুদ্ধে জড়ালো বিশ্বের এক ও দুই নম্বর টেনিস তারকা, তা জেনে নেওয়া যাক।

কী বলেছিলেন নাদাল
বহুদিন আগে এক সাক্ষাৎকারে কিংবদন্তি রাফায়েল নাদাল বলেছিলেন যে টেনিসের 'বিগ থ্রি' (তিনি, নোভাক জকোভিচ ও রজার ফেডেরার) বৃদ্ধ হয়েছে। তাঁদের বিশ্রাম নেওয়ার সময় ধীরে ধীরে এগিয়ে আসছে বলেও জানিয়েছিলেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা। যা নিয়ে টেনিস দুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে যায়। প্রশ্ন ওঠে, তবে কি নতুনদের ঝাঁকে ম্লান হচ্ছেন কিংবদন্তিরা?

কী উত্তর দিলেন জকোভিচ
রাফায়েল নাদালের ওই মন্তব্য নিয়ে ইতালিয়ান ওপেনের ফাইনালের আগে নোভাক জকোভিচের অভিমত জানতে চাওয়া হয়। উত্তর দিতে গিয়ে ব্যাক হ্যান্ড নয়, ফোর হ্যান্ডে খেলেছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। জোরালো গলায় বলেছেন, 'বিগ থ্রি' বৃদ্ধ হয়ে গিয়েছে বলে তিনি অন্তত মনে করেন না। বরং তাঁরা টেনিস সার্কিটে অক্সিজেন আমদানি করছেন বলেও দাবি করেছেন সার্বিয়ার তারকা। তাঁর কথায়, টেনিস বিশ্বের তিন বড় নাম এখনও পর্যন্ত হার মানতে শেখেননি।

ফের ফাইনালে সামনে নাদাল
আরও এক ফাইনালে রাফায়েল নাদালকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়ে বেশ ভালই লাগছে নোভাক জকোভিচের। জানিয়েছেন যে নাদালের বিরুদ্ধেই তিনি কেরিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। ফলে তাঁরা একে অপরের ভুল-ত্রুটিগুলি বোঝেন বলেও জানিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। বিশেষ করে ক্লে কোর্টে নাদালের বিরুদ্ধে ফাইনাল খেলার ক্ষেত্রে তিনি বাড়তি অনুপ্রেরণা অনুভব করেন বলে জানিয়েছেন জকোভিচ।

পরিসংখ্যানে নাদাল বনাম জকোভিচ
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখনও পর্যন্ত ৫৬ বার মুখোমুখি হয়েছেন দুই তারকা। ২৯ বার জিতেছেন নোভাক জকোভিচ। ২৭ বার জিতেছেন রাফায়েল নাদাল। ক্লে কোর্টে নোভাকের বিরুদ্ধে শেষ চার মোকাবিলা জিতেছেন স্প্যানিশ তারকা। এটিপি ট্যুরের শেষ পাঁচ সাক্ষাতে তিন বার জিতেছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। রোমের সেন্টার কোর্টে এখনও পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছেন দুই তারকা। এর আগে ৬ বার ইতালিয়ান ওপেন জিতেছেন নোভাক। টুর্নামেন্টের গত সংস্করণও জিতেছিলেন সার্বিয়ার তারকা। অন্যদিকে ৯ বার ইতালিয়ান ওপেন জিতে বসে থাকা নাদাল যে এই ম্যাচে কিছুটা হলেও এগিয়ে থাকবেন, তা বলছে পরিসংখ্যান।












Click it and Unblock the Notifications