Jannik Sinner: ডোপ টেস্টে ধরা পড়ার পরও ছাড় সিনারকে, নির্বাসনের দাবি তুললেন টেনিস তারকারা
Jannik Sinner: ডোপ টেস্টে ধরা পড়লেন। তবু ক্লিনচিট পেলেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার। গত মার্চে তাঁর নমুনায় নিষিদ্ধ ক্লোস্টেবল পাওয়া যায়।
তদন্তের পর ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি ইতালিয়ান সিনারকে ছাড়পত্র দিতেই শুরু হয়েছে নয়া বিতর্ক। সরব টেনিস তারকারাও।

জানা গিয়েছে, সিনারের ফিজিওথেরাপিস্টের হাতের আঙুল কেটে গিয়েছিল। এরপর সিনারের ফিজিক্যাল ট্রেনার ফিজিওথেরাপিস্টকে ওষুধ দেন। ফিজিও গ্লাভস না করায় নিষিদ্ধ ক্লোস্টেবল সিনারের শরীরে প্রবেশ করে। এই বিষয়টি সিনারও বুঝতে পারেননি।
টেস্টোস্টেরন থেকে ক্লোস্টেবল পাওয়া যায়। ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি মনে করছে, সিনার ইচ্ছাকৃতভাবে ওই নিষিদ্ধ বস্তু সেবন করেননি। যদিও সিনারকে এভাবে ছেড়ে দেওয়া হাস্যকর, মোটেই সঠিক পদক্ষেপ নয় বলে দাবি করছেন অনেক টেনিস তারকা।
গত বছর স্টুটগার্ট ওপেনে শেষবার কোর্টে নামা নিক কির্গিয়স বলছেন, সিনারকে ২ বছর নির্বাসনে পাঠানো উচিত। তাঁর কথায়, দুর্ঘটনাবশত বা ইচ্ছাকৃত, যখন দুটি টেস্টে নিষিদ্ধ বস্তু মিলেছে নমুনায়, তখন এভাবে ছেড়ে দেওয়া হাস্যকর। পারফরম্যান্সে প্রভাব ফেলে এই বস্তু। ফলে মেসেজ ক্রিমের কথা বলে তাঁকে ছেড়ে না দিয়ে ২ বছর নির্বাসনে পাঠানো উচিত ছিল।
২০২১ সালে উইম্বলডন সেমিফাইনাল খেলা ডেনিস শাপোভালভ বলেছেন, নিষিদ্ধ বস্তু নেওয়ায় নির্বাসিত অন্যান্য প্লেয়াররা এই সিদ্ধান্ত দেখার পর তাঁদের কী মনের অবস্থা তা বুঝতে পারছি না।
যদিও এই অধ্যায়কে ভুলে যেতে চাইছেন সিনার। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এই চ্যালেঞ্জিং ও দুর্ভাগ্যজনক অধ্যায়কে পিছনে ফেলতে চাইছেন তিনি। ডোপিং ঠেকানোর সমস্তরকম বিষয়ে তিনি সহযোগিতায় প্রস্তুত। উল্লেখ্য, টনসিলাইটিসের কারণ দেখিয়ে প্যারিস অলিম্পিক্সে নামেননি সিনার।
কানাডিয়ান ওপেনে তিনি কোয়ার্টার ফাইনালে আন্দ্রে রুবলেভের কাছে পরাস্ত হন। যদিও জেতেন সিনসিনাটি মাস্টার্সে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস টিয়াফোকে তিনি ৭-৬ (৭-৪), ৬-২ সেটে সোমবার হারিয়েছেন। এরপর ২৮ অগাস্ট থেকে শুরু হতে চলা ইউএস ওপেনেও খেলবেন সিনার।












Click it and Unblock the Notifications