তৃণমূলে ‘এক ব্যক্তি এক পদ’ ব্যবস্থার জের, রদবদলে তালা ঝুলল পুরুলিয়া জেলা কার্যালয়ে
তৃণমূলে ‘এক ব্যক্তি এক পদ’ ব্যবস্থার জের, রদবদলে তালা ঝুলল পুরুলিয়া জেলা কার্যালয়ে
তৃণমূলে চালু হয়েছে এক ব্যক্তি এক পদ। তার জেরে রদবদল হয়েছে তৃণমূল নেতৃত্বে। আর সেই রদবলের প্রভাবে এবার তৃণমূল কার্যালয়ে ঝুলল তালা। পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয় বন্ধ করে দিলের তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। মঙ্গলবার থেকে তালাবন্ধ পুরুলিয়া শহরের দুলমির জেলা তৃণমূল কার্যালয়। বুধবারও জেলা তৃণমূল কার্যালয়ে কোনও নেতা-নেত্রীকে দেখা যায়নি।

পুরুলিয়া জেলা তৃণমূলে আমূল পরিবর্তন, ক্ষোভ
পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয়ে রদবদলের পরই তালা ঝুলিয়ে দেওয়া হল। গোটা রাজ্যের সঙ্গে পুরুলিয়া জেলা তৃণমূলে আমূল পরিবর্তন হয়। জেলা সভাপতি থেকে শুরু করে মহিলা সভানেত্রী, যুব সভাপতি, চেয়ারম্যান-সহ একাধির পোস্টে রদবদল করা হয়। বদল করা হয় পুরুলিয়া পুরসভার প্রশাসককেও। তার জেরেই দুলমির জেলা তৃণমূল কার্যালয়ে ঝুলিয়ে দেওয়া হয় তালা।

তালা ঝুলছে তৃণমূলের কার্যালয়, রদবদলের জের
মঙ্গলবার থেকেই শুনশান তৃণমূলের কার্যালয়। এমনকী কোনও নিরাপত্তরক্ষীকেও দেখা গেল না। তালা ঝুলছে, কোনও খোলার লোক নেই। স্বভাবতই প্রশ্ন উঠেছে, রদবদলের ফলে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এ ধরনের ঘটনা ঘটল। এই মর্মে সদ্য প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডু বলেন, ওই জেলা তৃণমূল কার্যালয়টি তাঁর ব্যক্তিগত। এখন তিনি জেলা সভাপতি নেই, তাই ওই কার্যালয়টিও নেই।

রদবদলের জেরে তৃণমূল কার্যালয়ের অস্তিত্ব লোপ
তৃণমূলের এই রদবদলের জেরে আস্ত তৃণমূল কার্যালয়টিও অস্তিত্ব হারাল। এক ব্যক্তি এক পদ ব্যবস্থা চালু হওয়ার পর পুরুলিয়া জেলা সভাপতি পদ থেকে গুরুপদ টুডুকে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে কাশীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বপন বেলথরিয়ার পুত্র সৌমেন বেলথরিয়াকে। যুব তৃণমূলের সভাপতি হয়েছেন মেঘদূত মাহাতো। তিনি জেলা পরিষদ সদস্য। জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোকে দেওয়া হয়েছে রাজ্য সম্পাদকের পদ।

পুরুলিয়া জেলা তৃণমূলে রদবদলে স্থান পেলেন যাঁরা
পুরুলিয়া জেলা তৃণমূলের নতুন চেয়ারম্যান হয়েছেন হংসেশ্বর মাহাতো। তিনি শান্তিরাম মাহাতোর স্থলাভিষিক্ত হলে। আর পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব পান নমিতা সিং মুড়া। তিনি নিয়তি মাহাতোর স্থলাভিষিক্ত হলেন। আর বিধায়ক সুশান্ত মাহাতোকে সরিয়ে যুব সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মেঘদূত মাহাতোকে।

পুর প্রশাসক পদেও অপসারণ, ব্যতিক্রম ফিরহাদ
তৃণমূল প্রায় প্রতিটি জেলায় রদবদল করেছে। জেলা কমিটি থেকে শুরু করে পুরসভার প্রশাসক পদেও রদবদল হয়েছে। পুর প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মন্ত্রীদের। এখনও পর্যন্ত ব্যতিক্রম শুধু ফিরহাদ হাকিম। তাঁকে কলকাতা পুরসভার দায়িত্বে রেখে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির কথা চিন্তা করে এখনই পুরসভার দায়িত্ব থেকে তাঁকে সরানোর পরিকল্পনা নেই তৃণমূল কংগ্রেসের।












Click it and Unblock the Notifications