মহিলাদের দিকে দলের নেতাদের 'খারাপ' নজর, একাধিক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল বিধায়ক
মহিলাদের দিকে দলের নেতাদের 'খারাপ' নজর, একাধিক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল বিধায়ক
দলের নাম তৃণমূল কংগ্রেস (trinamool congress) । যে দলের সর্বময় কর্ত্রী একজন মহিলা। সেই দলের নেতাই কিনা মহিলাদের কুনজরে দেখে। একজন নয়, অন্তত দুজন নেতার বিরুদ্ধে দুর্নীতি-স্বজনপোষণের অভিযোগ এনেছেন, দলেরই এক বিধায়ক (mla)। যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা আবার দলেরই পঞ্চায়েত সদস্য। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমানে।

মহিলাদের দিকে 'খারাপ' নজর
পূর্বস্থলী উত্তরে বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের অভিযোগ, পঞ্চায়েতে কাজের প্রয়োজনে আসা মহিলাদের খারাপ নজরে দেখতেন পঞ্চায়েত সদস্য। এমন কী কোনও কোনও মহিলাকে খারাপ প্রস্তাবও দেওয়া হত বলে অভিযোগ বিধায়কের। এছাড়াও পঞ্চায়েত সদস্যরা তছরূপ, স্বজনপোষণ, দুর্নীতি এবং টেন্ডারে অস্বচ্ছতায় জড়িয়ে বলেও অভিযোগ করেছেন তিনি। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে দোগাছিয়া এবং জাহাননগর এলাকায়।

পূর্ব বর্ধমান জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ
ওই বিধায়ক ইতিমধ্যেই দলের দুই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন পূর্ব বর্ধমানের জেলাশাসকের কাছে। সেখানে অভিযুক্তের তালিকায় রয়েছেন দোগাছিয়ার পঞ্চায়েত প্রধান ইলিজা খাতুন শেখ। এই ব্যক্তি ই-টেন্ডার ডেকেও নিজের পছন্দমতো ব্যক্তির হাতে টেন্ডারের দায়িত্ব তুলে দিয়েছেন। পাশাপাশি ১০০ দিনের কাজ না করিয়ে ভুয়ো মাস্টাররোল দেখিয়ে টাকা আত্মস্মাৎ করেছেন। বাড়িতে পানীয় জলের লাইন পৌঁছে দেওয়ার নাম করে টাকা আদায় করেছেন বলেও অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক।
পূর্বস্থলীর জাহাননগরের পঞ্চায়েত প্রধান সুভাষ ঘোষের বিরুদ্ধে স্বজনপোষণ এবং দুর্নীতি ছাড়াও বিধায়কের অভিযোগ, পঞ্চায়েতে কাজের প্রয়োজনে আসা মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করার পাশাপাশি খারাপ চোখে দেখেন।

অস্বীকার করেছেন দুই নেতানেত্রীই
যদিও দুই নেতানেত্রীই অভিযোগ অস্বীকার করেছেন। ইলিজা খাতুন শেখের স্বামী জানিয়েছেন, তাঁর স্ত্রীর বিরুদ্ধে তোলা বিধায়কের অভিযোগ ঠিক নয়। অন্যদিকে অপর অভিযুক্ত সুভাষ ঘোষের দাবি, বিধায়কের অভিযোহ পুরোপুরি মিথ্যা। তবে বিষয়টিকে তিনি গোষ্ঠীকোন্দল বলে ইঙ্গিত করে তিনি বলেছেন, আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেওয়া হবে।

অস্বস্তিতে তৃণমূল শিবির
যদিও বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছে তৃণমূল। তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেছেন, অভিযোগ থাকলে তা দলেই জানাতে হবে। অন্যদিকে বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের দাবি তিনি মন্ত্রী স্বপন দেবনাথের সঙ্গে কথা বলেই থানায় অভিযোগ দায়ের করেছেন।

বিজেপির কটাক্ষ
বিষয়টি নিয়ে কটাক্ষ করতে গিয়ে বিজেপি বলেছেন, দুর্নীতি আর তৃণমূল সমার্থক হয়ে গিয়েছে। এবার সঙ্গে যুক্ত হয়েছে মহিলাদের দিকে কুনজর। তৃণমূলের জমানায় সাধারণ মানুষের কোনও উন্নয়ন হয় না বলে মন্তব্য করা হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে।












Click it and Unblock the Notifications