দুর্গাপুজোয় রাজ্য সরকারের অনুদান ফেরানোর ধারা অব্যাহত, বড় সিদ্ধান্ত পূর্ব বর্ধমানের সংহতি ক্লাবের
Durga Puja Grant: আরজি কর হাসপাতাল কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদের ঝড় বাংলা ছাড়িয়ে পৌঁছে গিয়েছে দেশ-বিদেশের নানা প্রান্তে। এরই মধ্যে বিভিন্ন ক্লাব ফেরাচ্ছে দুর্গাপুজোর অনুদান।
পূর্ব বর্ধমান জেলার পূর্ব সাতগেছিয়া সংহতি ক্লাবের নাম যোগ হলো সেই তালিকায়। এই ক্লাবও এবার দুর্গাপুজোয় রাজ্য সরকারের অনুদান গ্রহণ করছে না।

আজই দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত বিষয়ে মামলার দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আবেদনকারীর দাবি, পুজোর অনুদান বেড়েছে। কিন্তু খরচের বিষয়ে সঠিকভাবে অডিট করা হচ্ছে না। বিভিন্ন ক্লাবের অনুদান ফেরানোর বিষয়ে ওয়াকিবহাল প্রধান বিচারপতি। রাজ্যকে নোটিশ পাঠিয়ে দ্রুত শুনানির কথাও বলেছেন তিনি।
পুজোর অনুদানের বিষয়ে ক্লাব বা পুজো কমিটির কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জমা নেওয়ার প্রক্রিয়া চলছে কালনা থানায়। আজই সেই প্রক্রিয়ার শেষ দিন। পূর্ব বর্ধমানের কালনা ২ নং ব্লকের পূর্ব সাতগেছিয়া গ্রামের ক্লাব পূর্ব সাতগেছিয়া সংহতি কালনা থানাকে জানিয়ে দিল, তারা এই অনুদান গ্রহণ করছে না।
আরজি কর কাণ্ডের প্রতিবাদেই এই সিদ্ধান্ত কিনা তা নিয়ে সরাসরি কিছু বলেননি ক্লাবের পুজো কমিটির সম্পাদক গৌরব দাস। তিনি বলেন, রাজ্য সরকার যখন থেকে পুজো অনুদান দেওয়া শুরু করে, আমরা প্রথম বছর থেকে তা পেয়ে আসছি। ক্রমে সেই অর্থের পরিমাণ বেড়েছে। এবার আমরা সেই অনুদান নিচ্ছি না। আমরা চাই এই অর্থ গরিব কল্যাণে উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হোক।
কলকাতার পাশাপাশি কয়েকটি জেলায় ইতিমধ্যেই কিছু ক্লাব রাজ্য সরকারের পুজো অনুদান গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। আবার কোনও ক্লাব সেই টাকা নিয়ে মহিলাদের সুরক্ষায় নানা বন্দোবস্তের পরিকল্পনাও করেছে। তবে পূর্ব বর্ধমান জেলায় কোনও ক্লাবের অনুদান প্রত্যাখ্যানের ঘটনা এই প্রথম বলেই জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications