নাবালিকা ছাত্রীর উপর স্কুল শিক্ষকের নির্যাতন! তুফানগঞ্জের এই স্কুলে ধুন্ধুমার
এক শিক্ষকের বিরুদ্ধে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ। সেই ঘটনায় মঙ্গলবার উত্তাল হয়ে উঠল কোচবিহারের তুফানগঞ্জের শিকারপুর এলাকা। অভিযোগ, আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দিতে চাওয়া হয়। বাড়িতেই সালিশি বসিয়েছিলেন প্রধান শিক্ষক।
তাই প্রধান শিক্ষকের অপসারণের দাবি ওঠে। শিক্ষকদের অফিস রুমে তালাবন্দি করে রাখা হয়। বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবক থেকে এলাকাবাসীরা। মঙ্গলবার রীতিমতো উত্তেজিত পরিস্থিতি তৈরি হয়ে যায় শিকারপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় চত্বরে।

স্কুল ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ সামনে আসে। মঙ্গলবার তুফানগঞ্জ ১ ব্লকের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের শিকারপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ে প্রচুর মানুষ জড়ো হয়। স্কুলের প্রধান শিক্ষক ও টিচার্স রুমের দরজার তালা লাগিয়ে দেওয়া হয়। ভিতরে আটকে পড়েন শিক্ষকরা। পুলিশ প্রথমে ঘটনাস্থলে যায়। কিন্তু পরিস্থিতি শান্ত করা সম্ভব হয়নি। এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়।
স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেয়ের উপর যৌন নিগ্রহের অভিযোগ এনেছে পরিবার। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মঙ্গলবার তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে ওই পরিবার।
জানা যায়, ঘটনাটি গত সোমবার হয়েছিল বলে অভিযোগ। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ওই পড়ুয়াকে। ঘটনা জানাজানি হতেই ধামাচাপা দিতে প্রধান শিক্ষকের বাড়িতে গোপনে বৈঠক করা হয় বলেও অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষকের বাড়িতে গোপনে বৈঠক হয়েছিল। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
গ্রামবাসীদের অভিযোগ স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে। এরকম শিক্ষক-শিক্ষিকা তারা চান না। স্কুলের প্রত্যেক শিক্ষককে অন্যত্র বদলি করতে হবে। অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবি তুলছেন তারা। তুফানগঞ্জ এসডিপিও বৈভব বাঙ্গার বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য ওই স্কুল পড়ুয়াকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হবে।












Click it and Unblock the Notifications