মহিলা কর্মীকে কু প্রস্তাবের অভিযোগে বিক্ষোভ মালদহের পঞ্চায়েত অফিসে
মহিলা কর্মীকে কু প্রস্তাবের অভিযোগে বিক্ষোভ মালদহের পঞ্চায়েত অফিসে
জব কার্ডের বদলে বিজেপির মহিলা কর্মীকে সুপারভাইজারের কু প্রস্তাবের অভিযোগে বিক্ষোভ পঞ্চায়েত অফিসে। অভিযোগ, বারবার অশালীন প্রস্তাব দিয়ে ফোন, হুমকি দেওয়া হচ্ছে ওই মহিলা বিজেপি কর্মীকে। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল মালদহের যদুপুরে। এদিনের ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত দফতরের সামনে বিক্ষোভ দেখাল জেলা বিজেপি।

অভিযোগ, যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে জব কার্ড দেওয়া চলছিল। যদুপুর গ্রামের এক গৃহবধূ জব কার্ড চাইতে পঞ্চায়েতে গেলে সুপারভাইজার অমল মন্ডল তাঁকে একান্তে জানান জব কার্ড দেবেন কিন্তু তার বদলে তাঁর সঙ্গে সহবাস করতে হবে বলে প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। এছাড়াও তিনি অশালীন ইঙ্গিত করেন বলে অভিযোগ। এরপর সে চলে এলে পরে তাঁকে ফোন করা শুরু করেন সেই সুপারভাইজার। ফোনেও সেই একই প্রস্তাব দেন তিনি। মহিলা রাজি না হওয়ায় তাঁকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
পরে এই নিয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানকে অভিযোগ করা হলে তিনি নীরব থাকেন। এরপরে সুপার ভাইজারের হুমকি আরও বেড়ে যায়। বাধ্য হয়ে সেই মহিলা স্থানীয় পঞ্চায়েত সদস্যকে নিয়ে ইংরেজবাজার ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ করেন। এরপরেও সুপারভাইজার অমল মন্ডলের বিরুদ্ধে তেমন ব্যবস্থা না নেওয়া হলে গ্রামের বেশ কিছু মানুষকে নিয়ে বিজেপির পক্ষ থেকে পঞ্চায়েত দফতরের সামনে বিক্ষোভে বসেন।
যদুপুর ২নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপি সদস্য সোনাই মণ্ডলের অভিযোগ, অভিযুক্ত সুপারভাইজারের বিরুদ্ধে তথ্য প্রমাণ থাকা স্বত্বেও ব্লক আধিকারিক পুনরায় তাকে কাজে বহাল করেছেন। আইনানুগ কোনও ব্যবস্থা নেননি। বিজেপির মহিলা নেত্রী সুতপা চট্টোপাধ্যায় বলেন, অভিযুক্ত সুপারভাইজারকে চাকরি থেকে বরখাস্ত না করা পর্যন্ত আন্দোলন চলবে। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে উত্তপ্ত পঞ্চায়েত অফিস। বসানো হয়েছে পুলিশ পিকেট। জানা গিয়েছে, পলাতক অভিযুক্ত।












Click it and Unblock the Notifications