জনতার আবেগের বার্তায় বঙ্গভঙ্গের সুর মেলালেন নিশীথ, ঘুরিয়ে বার্লার দাবিকেই সমর্থন
জনতার আবেগের বার্তায় বঙ্গভঙ্গের সুর মেলালেন নিশীথ, ঘুরিয়ে বার্লার দাবিকেই সমর্থন
জন বার্লার পর বাংলা ভাগের কথা শোনা গেল আরও এক কেন্দ্রীয়মন্ত্রীর মুখে। উত্তরবঙ্গের বঞ্চনার কথা তুলে ধরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও পৃথক রাজ্যের দাবি তুললেন। সরাসরি না বললেও তিনি যেভাবে উত্তরবঙ্গের বঞ্চনার কথা আর জনতার দাবির কথা তুলে ধরলেন, তাতে স্পষ্ট তিনিও জন বার্লার দাবিকে প্রকারান্তরে সমর্থন করেন।

পৃথক রাজ্যের দাবি তুলে সংবাদ শিরোনামে বিজেপি
নরেন্দ্র মোদী তাঁর মন্ত্রিসভায় এবার ঘটা করে সুযোগ দিয়েছেন আলিপুরদুয়ারের বিতর্কিত সাংসদ জন বার্লাকে। তিনি মন্ত্রিসভায় সুযোগ পাওয়ার আগে উত্তরবঙ্গকে নিয়ে পৃথক রাজ্যের দাবি তুলে শিরোনামে এসেছেন। তারপর আরও এক সাংসদ সৌমিত্র খাঁও জন বার্লার দাবিকে সমর্থন করে রাঢ়বঙ্গ বা জঙ্গলমহলকে নিয়ে আলাদা রাজ্য করার দাবি তোলেন।

উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার কথায় বঙ্গভঙ্গকে সমর্থন
সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উত্তরবঙ্গে গিয়ে জন বার্লাকে পাশে নিয়ে তাঁর দাবিকে সমর্থন জানিয়ে এসেছিলেন। বঙ্গভঙ্গকে বঞ্চিত নিপীড়িত মানুষের দাবি বলে তিনি বর্ণনা করেছিলেন। এবার সেই একই লাইনে হাঁটলেন আর এক কেন্দ্রীয়মন্ত্রী নিশীথ প্রামাণিক। কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক এদিন উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার কথা তুলে ধরতে গিয়ে বঙ্গভঙ্গকে সমর্থন জানান।

কলকাতার একটা ফ্লাইওভারের সঙ্গে উত্তরবঙ্গের তুলনা
মালদহে বিজেপির শহিদ সম্মান যাত্রায় অংশ নিয়েছিলেন স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সেখানেই তিনি বলেন, কলকাতায় একটা ফ্লাইওভার তৈরি করতে যা বাজেট থাকে, গোটা উত্তরবঙ্গের জন্য সেই বাজেট থাকে না। তিনি বলেন, উত্তরবঙ্গের জন্য যে উন্নয়ন হওয়ার কথা ছিল, তা হয়নি। দীর্ঘদিন ধরে বঞ্চিতের দলে উত্তরবঙ্গের মানুষ।

জনতার আবেগকে সম্মান জানানো আমাদের কর্তব্য
নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গের জন্য উন্নয়নের বার্তা দিয়ে বলেন, কারও ব্যক্তিগত মত নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে আমরা জনগণের ভোট জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি। জনতার আবেগকে সম্মান জানানো আমাদের কর্তব্য জনগণের আবেগ যেদিকে থাকবে, আমাদের সমর্থনও সেদিকে থাকবে। জন বার্লার মতো সরাসরি পৃথক রাজ্যের দাবি বা বঙ্গভঙ্গের দাবি না তুললেও নিশীথ প্রামাণিক ঘুরিয়ে তা বলে গেলেন।

উত্তাল হয়েছে পাহাড়, গোর্খাল্যান্ড কি হয়েছে?
নিশীথ প্রামাণিক আরও বলেন, কেউ প্রস্তাব দিয়েছেন বলেই বঙ্গভঙ্গ হয়ে যাচ্ছে, তা তো নয়ষ এই যে এতদিন গোর্খাল্যান্ডের দাবিতে বারবার উত্তাল হয়েছে পাহাড়, গোর্খাল্যান্ড কি হয়েছে। কেউ যদি প্রস্তাব দিয়েও থাকে তা নিয়ে আলোচনা হবে। কেন্দ্র তা বিবেচনা করবে, রাজনৈতিক দল তাঁর অবস্থান নিযে চলবে।

জন বার্লা ও সৌমিত্র খাঁকে সমর্থন দিলীপের
শনিবার বিজেপির রাজ্য সভাপতি বঙ্গভঙ্গ নিয়ে একইভাবে জন বার্লা ও সৌমিত্র খাঁকে সমর্থন জানিয়েছিলেন। বলেছিলেন, আজ যদি জঙ্গলমহল এবং উত্তরবঙ্গ আলাদা হতে চায়. তার সমস্ত দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। জন বার্লার পাশ দাঁড়িয়ে তিনি বলেন, মানুষের কথা বললেই কি তাঁকে বিচ্ছিন্নতাবাদী বলতে হবে? যদিও ৪৮ ঘণ্টার মধ্যে অবস্থান বদল করে দিলীপ ঘোষ বলেন তিনি বঙ্গভঙ্গকে সমর্থন করেননি।












Click it and Unblock the Notifications