শুটিং বিশ্বকাপের একই ইভেন্টে সোনা ও রূপো ভারতের, দুরন্ত যশস্বিনী ও ভাকের
শুটিং বিশ্বকাপের একই ইভেন্টে সোনা ও রূপো ভারতের, দুরন্ত যশস্বিনী ও ভাকের
করোনা ভাইরাসের আবহে দিল্লিতে চলতে থাকা শুটিং বিশ্বকাপের দ্বিতীয় দিনের একই ইভেন্ট থেকে সোনা এবং রূপো জিতলেন ভারতীয় মহিলারা। দুর্দান্ত ফর্মে থাকা যশস্বিনী দেসওয়াল ও মনু ভাকের টোকিও অলিম্পিকের আগে দেশের ক্রিকেট প্রেমীদের মনে পদকের আশা জাগালেন।

শনিবার আইএসএসএফ বিশ্বকাপের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন ভারতের যশস্বিনী দেসওয়াল। রূপো জিতেছেন ভারতেরই মনু ভাকের। দিল্লির ডক্টর কার্নি সিং শুটিং রেঞ্জে ইভেন্টের আট প্রতিযোগীর ফাইনালে ২৩৮.৮ শট নিয়ে শীর্ষ স্থান দখল করেন যশস্বিনী। দ্বিতীয় স্থানে থাকা মনু ভাকেরের ঝুলিতে থাকে ২৩৬.৭ শট। ২১৫.৯ শটের অধিকারি বেলারুশের ভিক্টোরিয়া চাইকা ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক জিতেছেন।
২০১৯ সালের রিও ডে জেনেইরো বিশ্বকাপে সোনা জেতা ২৩ বছরের যশস্বিনী দেসওয়াল ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বও প্রথম স্থানে থেকে শেষ করেন। তাঁর ঝুলিতে থাকে ৫৭৯ শট। দ্বিতীয় স্থানে থাকা মনু ভাকের ৫৭৭ শট নিয়ে প্রতিযোগিতার ফাইনালে পৌঁছোন।
করোনা ভাইরাসের আবহে নয়াদিল্লিতে চলতে থাকা শুটিং বিশ্বকাপে ভারতকে প্রথম পদক এনে দেন দিব্যাংশ পানওয়ার। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন জয়পুরের শুটার। যদিও এদিন নিজের নামের প্রতি সেভাবে সুবিচার করতে পারেননি দিব্যাংশ। বিশ্বের এক নম্বর শুটার ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে ২২৮.১ শটে শেষ করেন। তাতে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছেন দিব্যাংশ। অর্জুন বাবুটা নামে ভারতের আরও এক শুটার একই ইভেন্ট থেকে এক চুলের জন্য পদক হাতছাড়া করেন। ১০ মিটার এয়ার রাইফেলের লড়াইয়ে পঞ্চম হন অর্জুন।
এই ইভেন্টে সোনা জেতেন আমেরিকার শুটার লুকাস কোজেনিয়েস্কি। বিশ্বকাপের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট থেকে রূপো জেতেন হাঙ্গেরির ইস্তভান পেনি। এর আগে দিব্যাংশ পানওয়ার, অর্জন বাবুটা এবং অঞ্জুম মৌদগিলের হাত ধরে বিশ্বকাপের শুরুটা দুর্দান্তভাবে করে ভারত। প্রতিযোগিতার ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে পৌঁছেছিল দেশের দুই পুরুষ শুটার। ৩৯ স্ট্রং ফিল্ডে ৬৩১.৮ শট ঝুলিতে নিয়ে করে যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় স্থানে শেষ করেছিলেন অর্জুন। ৬২৯.১ শট ঝুলিতে নিয়ে ষষ্ঠ প্রতিযোগী হিসেবে আট জনের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন দিব্যাংশ।












Click it and Unblock the Notifications