Vinesh Phogat: ভিনেশ ফোগাটকে বড় ধাক্কা দিল CAS! প্যারিস অলিম্পিক্সের রুপো পাওয়ার আশা শেষ
Vinesh Phogat: ভিনেশ ফোগাটের স্বপ্নভঙ্গ। ভারতও প্য়ারিস অলিম্পিক্স থেকে সপ্তম পদকটি পাচ্ছে না। ভিনেশের মামলার রায়দান ১৬ অগাস্ট হবে বলে জানিয়েছিল আন্তর্জাতিক ক্রীড়া আদালত।
কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট আজ অপারেটিভ ভার্ডিক্ট প্রকাশ করেছে। তাতেই স্পষ্ট হয়ে গেল ভিনেশকে অলিম্পিক্সের রুপো দেওয়া হবে না।

কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের শুনানি শেষে রায়দানের দিনক্ষণ তিনবার পিছিয়ে দেওয়া হয়েছিল। গতকাল জানানো হয়েছিল রায়দান হবে ১৬ অগাস্ট ভারতীয় সময় রাত সাড়ে ৯টায়। কিন্তু আজ অপারেটিভ ভার্ডিক্ট প্রকাশ করে বহাল রাখা হলো আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সিদ্ধান্ত।
ভিনেশ ফোগাট মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ৫০ কেজি বিভাগে অন্তত রুপোর পদক নিশ্চিত করে ফেলেছিলেন। কিন্তু ফাইনালের দিন সকালে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি থাকে বলে জানা যায়। এরপরই তাঁকে ফাইনালে নামার অনুমতি দেওয়া হয়নি। তিনি পদক পাবেন না বলেও জানানো হয়।
ভিনেশ এরপর তাঁকে যে ডিসকোয়ালিফাই করা হয়েছে, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে যান। তাঁকে ফাইনালে নামার অনুমতি দেওয়া হোক, সেই আবেদন খারিজ হয়ে যায় শুনানির পর্যাপ্ত সময় হাতে না থাকায়।
কিন্তু তাঁকে যুগ্ম রুপোজয়ী ঘোষণার যে আবেদন করেছিলেন তা নিয়ে শুনানি চলে। ভিনেশের সঙ্গে ছিল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। অপরদিকে ছিল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ও ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। ভিনেশের আইনজীবীরা অবশ্য আশাবাদী ছিলেন, তাঁর পক্ষেই রায় যাবে।
যদিও জানা যাচ্ছে, কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট সংশ্লিষ্ট স্পোর্টস ফেডারেশন, অ্যাসোসিয়েশন বা লিগের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার পক্ষপাতী। CAS অ্যাড হক ডিভিশনের আরবিট্রেটর অ্যানাবেল বেনেট দুই পক্ষকেই নিজেদের বক্তব্যের সমর্থনে নথি ও প্রমাণ পেশের জন্য পর্যাপ্ত সময় দেন।
গত ৯ অগাস্ট দুই পক্ষকে নিয়েই শুনানি চলেছিল। ভিনেশের আবেদন গৃহীত হয়েছিল ৮ অগাস্ট। প্রথমে ভিনেশের হয়ে শুনানিতে প্যারিস বারের প্রো বোনো আইনজীবীদের অংশ নেওয়ার কথা ছিল। পরে আইওএ-র ব্যবস্থাপনায় বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে ও বিদুশপৎ সিংহানিয়াও ভিনেশের পক্ষে শুনানিতে অংশ নেন ভার্চুয়ালি।
ভিনেশকে গত সোমবার অলিম্পিক্স ভিলেজ ছাড়তে দেখা গিয়েছিল। মঙ্গলবার তাঁর সকালে দেশে ফেরার সম্ভাবনার কথাও জানা যায়। যদিও পরে জানা গিয়েছে, ভিনেশ নাকি প্যারিসেই আছেন। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের রায় বেরোলেই তিনি দেশে ফিরবেন বলে স্থির করেছেন। এই পরিস্থিতিতে ভিনেশ কবে দেশে ফিরবেন তা নিয়ে ফের চর্চা শুরু হয়ে গেল।












Click it and Unblock the Notifications