Paris Paralympics 2024: সুমিত আন্তিল ফের জিতলেন সোনা, প্যারালিম্পিক্সের জ্যাভলিনে নয়া রেকর্ড
Paris Paralympics 2024: টোকিও অলিম্পিক্সে সোনা জিতলেও প্যারিস অলিম্পিক্সে নীরজ চোপড়াকে জ্যাভলিনে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল।
কিন্তু টোকিওর পর প্যারিস প্যারালিম্পিক্সেও সোনা জিতলেন সুমিত আন্তিল। জ্যাভলিনের এফ৬৪ বিভাগে তিনি সোনা জিতলেন প্যারালিম্পিক্স রেকর্ড গড়েই।

ইভেন্টের আগাগোড়া সুমিত ছিলেন দুরন্ত ছন্দে। প্যারালিম্পিক্সে নয়া রেকর্ড গড়ার পথে ৬টি থ্রো-র মধ্যে নিজের রেকর্ড ভাঙলেন দু-বার। সুমিত টোকিওয় সোনা জিতেছিলেন ৬৮.৫৫ মিটার থ্রো-র সৌজন্যে। সেই রেকর্ড সুমিত এদিন ভেঙে দেন প্রথম প্রয়াসেই, ৬৯.১১ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে।
এরপর সেই নজির ভাঙেন ৭০.৫৯ মিটারের থ্রো-র সাহায্যে। যা তাঁকে শেষ অবধি সোনা জেতাতে সহায়ক হয়। তৃতীয় থ্রো ছিল ৬৬.৬৬ মিটারের। চতুর্থ প্রয়াস গ্রাহ্য হয়নি, ফাউল বা ফলস থ্রো হওয়ায়। পঞ্চম ও ষষ্ঠ প্রয়াস ছিল যথাক্রমে ৬৯.০৪ মিটার ও ৬৬.৫৭ মিটারের। ভারতের সন্দীপ ও সঞ্জয় সন্দীপ সাগর যথাক্রমে চতুর্থ ও সপ্তম হয়েছেন।
সুমিত সোনা জেতায় ভারতের পদক সংখ্যা বেড়ে হলো ১৪। তিনটি সোনা, ৫টি রুপো ও ৬টি ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে। সন্দীপ যেভাবে ধারাবাহিকতা ও পারদর্শিতা দেখিয়েছেন তাঁর প্রশংসা করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীর জন্য শুভকামনাও জানিয়েছেন।
Exceptional performance by Sumit! Congratulations to him for winning the Gold in the Men's Javelin F64 event! He has shown outstanding consistency and excellence. Best wishes for his upcoming endeavours. @sumit_javelin#Cheer4Bharat pic.twitter.com/1c8nBAwl4q
— Narendra Modi (@narendramodi) September 2, 2024
সুমিতের বাড়ি হরিয়ানার সোনিপতে। তিনি কুস্তিগীর হতে চেয়েছিলেন, যোগ দিতে চাইতেন সেনাবাহিনীতে। ২০১৫ সালে যখন সুমিতের বয়স ১৭, তখন তিনি দুর্ঘটনায় পড়েন। যা স্বপ্নপূরণের পথে বাধা তৈরি করে। সুমিতের বাইকে ধাক্কা মেরেছিল দুরন্ত গতিতে ছুটে আসা ট্রাক। সুমিত টিউশন ক্লাস থেকে ফিরছিলেন। দুর্ঘটনার ফলে সুমিতের বাঁ পা বাদ পড়ে।
কুস্তিগীর হওয়ার স্বপ্ন অধরাই থেকে যায়। দিল্লি বিশ্ববিদ্যালয়ের রামযশ কলেজে বি কম পড়ার সময় প্যারা অ্যাথলিট রাজকুমারের সহায়তায় সুমিতের প্যারা অ্যাথলেটিক্সে আসা। ২০১৭ সালে দিল্লিতে নীতীন জয়সওয়ালের কাছে জ্যাভলিন প্রশিক্ষণ নেওয়া শুরু। ২০১৯ সাল থেকে ভারতের পাশাপাশি প্যারা চ্যাম্পিয়ন্স প্রোগ্রামে জ্যাভলিনের প্রতিযোগিতায় নামেন। গত বছরের পর এবারও তিনি বিশ্ব প্যারা চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। ২০২২ সালে হাংঝৌ এশিয়ান প্যারা গেমসেও তাঁর সোনা রয়েছে।












Click it and Unblock the Notifications