Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিক্সে দুরন্ত শুরু শীতলের, অল্পের জন্য হাতছাড়া বিশ্বরেকর্ড
Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিক্সে আজ ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়লেন শীতল দেবী। প্যারা তিরন্দাজিতে অল্পের জন্য বিশ্বরেকর্ড হাতছাড়া হলো তাঁর।
শীতল আজ অংশ নিয়েছিলেন মহিলাদের প্যারা তিরন্দাজির কম্পাউন্ড ইভেন্টের র্যাঙ্কিংয়ে। সেখানেই কেরিয়ারের সেরা পারফরম্যান্স সুনিশ্চিত করলেন।

শীতলের দুই হাত নেই। তির ছোড়েন পায়ের সাহায্যে। র্যাঙ্কিং রাউন্ডে তিনি ৭০৩ পয়েন্ট করায়ত্ত করে ফেলেছিলেন, তখনও অবধি সেটিই ছিল বিশ্বরেকর্ড। যদিও তা ধরে রাখা সম্ভব হয়নি। শীতলের শেষ শট ছিল ৯-এর। যোগ্যতা অর্জন পর্বের শেষ শটে বাজিমাত করেন তুরস্কের ওজনুর কুরে।
ওজনুর একের পর এক পারফেক্ট শট মারায় তাঁর মোট পয়েন্ট পৌঁছে যায় ৭০৪-এ। যা শীতলের থেকে মাত্র ১ বেশি। ফলে শীতলের বিশ্বরেকর্ড কিছুক্ষণের মধ্যেই চলে যায় কুরের দখলে। প্যারা গেমসে এর আগে রেকর্ড ছিল জেসিকা স্ট্রেটনের ৬৯৪ পয়েন্ট। বিশ্বরেকর্ড ছিল ফোয়েব পিটার্সনের, ৬৯৮ পয়েন্ট।
র্যাঙ্কিং রাউন্ডের শুরু থেকেই দাপট দেখাতে থাকেন শীতল। তিনি ব্রাজিলের কার্লা গোগেল ও তুরস্কের ওজনুর কুরেকে পিছনে ফেলে দিয়েছিলেন। শেষ শট ৯ হওয়াতেই প্রথম স্থান দখলে রাখতে পারেননি শেষ অবধি। দ্বিতীয় স্থান দখল করেছেন। তিনে থাকেন ইরানের ফাতেমেহ হেমাতি (৬৯৬ পয়েন্ট)।
শীতলের দুই হাত নেই ফোকোমেলিয়া রোগের কারণে। যদিও মনের জোরে তিনি তিরন্দাজির দিকে ঝোঁকেন। জম্মু ও কাশ্মীরের ছোট গ্রামে জন্ম। শারীরিক প্রতিবন্ধকতা জয়ে প্রত্যয়ী শীতল ছোটবেলা থেকেই গাছে উঠতে চাইতেন। ২০২১ সালে তিনি একটি যুব ইভেন্টে ভারতীয় সেনাবাহিনীর কোচেদের চোখে পড়ে যান।
শীতলকে কোচেরা শোনান ম্যাট স্টুটজম্যানের কাহিনি। যিনি দুই হাত না থাকা সত্ত্বেও ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সের তিরন্দাজিতে রুপো জেতেন। এতে উদ্বুদ্ধ হন শীতল। পা, পায়ের পাতা ব্যবহার করে চলতে থাকে তিরন্দাজির প্রশিক্ষণ।
বছরখানেকের প্রশিক্ষণ নিয়ে ২০২২ সালে এশিয়ান প্যারা গেমসে সোনা ও রুপো জেতেন। বিশ্ব তিরন্দাজি প্যারা চ্যাম্পিয়নশিপে গত বছর শীতল জেতেন রুপো। তাতেই মেলে প্যারালিম্পিক্সের ছাড়পত্র। এবারের প্যারালিম্পিক্সে তাঁকে সোনা জয়ের দাবিদার বলেই মনে করা হচ্ছে।
চলতি বছর অর্জুন পুরস্কার পান শীতল। তাঁর কেরিয়ারে অবদান রয়েছে কোচ অভিলাশ চৌধুরী ও কুলদীপ বেদওয়ানের। সতীর্থ রোমিকা শর্মাও শীতলকে সহযোগিতা করেন নানাভাবে। শীতল আজ যে ছন্দে ছিলেন, সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে একাধিক পদক জিতেই তিনি দেশে ফিরতে পারবেন বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications