Paris Olympics 2024: ভিনেশকে রুপো দেওয়ায় সায় নেই আইওসি-র, CAS-এ কোন যু্ক্তি মেলে ধরে মরিয়া চেষ্টা?
Paris Olympics 2024: ভিনেশ ফোগাট যে আবেদন কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে করেছেন তার শুনানির উপরই নির্ভর করছে আদৌ তিনি রুপো পাবেন কিনা।
যদিও মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগে দুটি রুপো দেওয়ার পক্ষপাতী নন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ। তবে এটাও জানালেন, CAS-এর সিদ্ধান্তই মেনে চলা হবে।

অলিম্পিক্স শেষের আগে ভিনেশকে নিয়ে রায় দেওয়া হবে বলে জানা যাচ্ছে। আরও জানা গিয়েছে, ভিনেশ তাঁকে ডিসকোয়ালিফাইয়ের সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেছিলেন পুনরায় ওজন পরিমাপের। তবে ফাইনালের আগে হাতে বেশি সময় না থাকায় সিদ্ধান্ত নিতে পারেনি ক্যাস।
ভিনেশকে রুপো দেওয়া উচিত কিনা তা নিয়ে প্রশ্ন করা হলে টমাস বাখ বলেন, না। সাধারণভাবে প্রশ্নের এটাই উত্তর। যে ক্রীড়াবিদের বিষয়ে প্রশ্ন করা হলো, তাঁর বিষয়ে বিশ্ব কুস্তি সংস্থার যা নিয়ম রয়েছে তা মেনে চলা হবে। এই সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং।
বাখ আরও বলেন, এই কুস্তিগীরের ক্ষেত্রে মানবিক স্পর্শের বিষয় রয়েছে। কিন্তু ফেডারেশন বা যাঁদের বড় সিদ্ধান্ত নিতে হয় তাঁরা কোথায়, কীভাবে নিয়মের বদল করতে পারেন? এটা কি বলা যায়, ১০০ গ্রামে ছাড় দিলাম, কিন্তু ১০২ গ্রামে দেব না?
বাখের কথায়, অনেক খেলায় সেকেন্ডের ১ হাজার ভাগের একেই ব্যবধান হয়। তখন কী করণীয়? বিষয়টি এখন কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে রয়েছে। ফেডারেশনকেও তাদের নিয়ম সংক্রান্ত ব্যাখ্যা দিতে হবে। সেটা তাদের দায়িত্ব।
ভিনেশের হয়ে শুনানিতে অংশ নেওয়ার জন্য বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে, বিদুশপত সিংহানিয়াদের নিযুক্ত করা হয়েছে। ভিনেশের জন্য আইনজীবীরা অল-আউট ঝাঁপাতে নানা যুক্তি মেলে ধরছেন বলে খবর। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে তা উল্লেখ করা হয়েছে।
ভিনেশের পক্ষে আইনজীবীরা বলবেন, ভারতীয় কুস্তিগীর কোনও জালিয়াতি করেননি। প্রথম দিন তাঁর ওজন সঠিক ছিল। সেদিন তিনি একের পর এক বাউট জিতে অন্তত রুপো নিশ্চিত করেন। নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া সকলের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। রিকভারির জন্য তাঁকে পুষ্টি নিতে হয়েছিল। রিকভারি প্রসেসেই ভিনেশের ওজন বেড়েছিল। কিন্তু রুপো দেওয়া হোক এই কারণে যে, যেদিন তাঁর ওজন ঠিক ছিল সেদিনই তিনি পদক নিশ্চিত করেছিলেন।
ভিনেশের পক্ষে কুস্তির আন্তর্জাতিক তারকারাও তাঁকে পদক দেওয়ার দাবি জানিয়েছেন। ভারত সরকারও বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েই দেখছে।












Click it and Unblock the Notifications