Paris Olympics Exclusive: হরমনপ্রীতের ওয়ান ম্যান শো! হকিতে উপর্যুপরি পদক ৫২ বছর পর, উচ্ছ্বসিত গুরবক্স সিং
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারতের চতুর্থ পদকটি এসে গেল পুরুষদের হকি থেকে। টোকিও অলিম্পিক্সের পর এবার প্যারিসেও ভারত হকিতে পেল ব্রোঞ্জ।
অলিম্পিক্স হকিতে ভারতের ৪১ বছরের খরা কেটেছিল টোকিওয়। আর আজ কাটল ৫২ বছরের আরেক খরা।

অলিম্পিক্স হকিতে ১৯৬৮ সালে মেক্সিকোয় ভারত ব্রোঞ্জ জিতেছিল। ১৯৭২ সালে মিউনিখেও এসেছিল ব্রোঞ্জ। তারপর এই প্রথম ভারত পরপর দুটি অলিম্পিক্স থেকে পদক নিশ্চিত করল। হকিতে ভারতের অলিম্পিক্স পদকের সংখ্য়া বেড়ে হলো চার।
অলিম্পিক্স হকিতে ভারত জিতেছে আটটি সোনা, একটি রুপো ও চারটি ব্রোঞ্জ। ভারতের হকি দলের হয়ে ১৯৬৪ সালে টোকিও অলিম্পিক্সে সোনা ও ১৯৬৮ সালে মেক্সিকো অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ৮৮ বছরের অলিম্পিয়ান গুরবক্স সিং হরমনপ্রীতদের নিয়ে উচ্ছ্বসিত।
গুরবক্স সিং ওয়ানইন্ডিয়া বাংলাকে বলেন, খুব ভালো লাগছে। আমাদের দল খুব ভালো খেলেছে। তবে একটা কথা বলব, অলিম্পিক্সে ভারত হকি থেকে ১৩ নম্বর পদক পেল। হকি ভারতকে অলিম্পিক্স থেকে অনেক কিছু দিয়েছে। তবে প্রত্যাশিত ভালোবাসা পায়নি। আশা করি, এবার থেকে সেটা মিলবে।
গুরবক্সের কথায়, অলিম্পিক্সের মতো সর্বোচ্চ পর্যায়ে এমন সাফল্য দেখে ভালো লাগছে। মনে রাখতে হবে, এই দলের অনেকেই অবসর নেবেন। তবে আশা রাখি, পরের ব্যাচও ভারতীয় হকির সাফল্যের ধারা অব্যাহত রাখবে। আমরা এবার ফাইনালও খেলতে পারতাম।
গুরবক্স বলেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচটা কিছুটা হাল্কা মেজাজে নিয়েছিল দল। ফলে শুরুটা হয়েছিল ধীরে। কিন্তু ক্রমেই ভারতের পারফরম্যান্সের উন্নতি ঘটেছে। জার্মানির কাছে হারলেও আমরা ভালো খেলেছি। ওই হার কোনও ব্যাপার নয়।
অলিম্পিক্সের যে কোনও পদকই গুরুত্বপূর্ণ। সেমিফাইনালে উঠলে পদক মিলবে, এই বিশ্বাস ছিল গুরবক্সের। সে কারণে তৃপ্ত তিনি। অধিনায়ক হরমনপ্রীত সিং প্রসঙ্গে গুরবক্স বলেন, ওয়ান ম্যান শো! হরমনপ্রীতই জিতিয়েছেন।
হরমনপ্রীত যেভাবে পেনাল্টি কর্নার থেকে প্রচুর গোল করেছেন তার প্রশংসা করে গুরবক্স বলেন, মনে রাখতে হবে আমরা ফিল্ড গোল বেশি পাইনি। গোল হজম করেছি। আজও পিছিয়ে পড়েছিলাম। হরমনপ্রীতের পেনাল্টি কর্নার থেকে করা গোলেই জিতেছি। খুব ভালো খেলেছেন হরমনপ্রীত।
শ্রীজেশ আজ দেশের হয়ে শেষ ম্য়াচ খেলে ফেললেন। গুরবক্স বলেন, শ্রীজেশ শ্রীজেশই। অনবদ্য। তবে আমার মনে হয়, মনপ্রীত সিংও হয়তোআর খেলবেন না। তিনিও চারটি অলিম্পিক্স খেলে ফেললেন। তাঁর কাছেও এখন জোড়া অলিম্পিক্স পদক।
গুরবক্সের আশা, ভারতীয় হকি দলের এই সাফল্য ইতিবাচক ভূমিকা নেবে খেলার প্রতি সকলকে আকৃষ্ট করতে। যা সামগ্রিকভাবে হকির প্রতি উৎসাহ বৃদ্ধি করবে বলে আশা গুরবক্সের।
উল্লেখ্য, এবারের অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতা ভারতীয় দলে যে প্লেয়ারদের কাছে দুটি করে অলিম্পিক্স পদক রইল তাঁরা হলেন- হরমনপ্রীত সিং, মনপ্রীত সিং, হার্দিক সিং, গুর্জন্ত সিং, মনদীপ সিং, ললিত উপাধ্যায়, পিআর শ্রীজেশ, সুমিত বাল্মীকি, শামসের সিং, অমিত রুইদাস ও বিবেক প্রসাদ।












Click it and Unblock the Notifications