Anahat Singh: স্কোয়াশে ভারতের নতুন তারা! ব্রিটিশ জুনিয়র ওপেন খেতাব জয় অনাহতের
স্কোয়াশের জগতে সৌরভ ঘোষাল, দীপিকা পাল্লিকলরা ভারতের জয়ধ্বজা উড়িয়েছেন। এই ক্রীড়াক্ষেত্রে ভারতের দাপট যে ভবিষ্যতেও অব্যাহত থাকবে সেই আশা জোরালো হলো ব্রিটিশ ওপেনে। অনূর্ধ্ব ১৫ ব্রিটিশ ওপেন স্কোয়াশ খেতাব জয় করলেন ১৪ বছরের অনাহত সিং। ভারতীয় স্কোয়াশের নতুন তারা।

গত বছর কমনওয়েলথ গেমসে ভারতের সর্বকনিষ্ঠ অ্যাথলিট ছিলেন অনাহত। প্রতি বছরই জানুয়ারি মাসে হয় ব্রিটিশ জুনিয়র ওপেন। তবে কোভিড পরিস্থিতিতে এই টুর্নামেন্ট আয়োজন করা যায়নি। ফলে দুই বছর পর এই ঐতিহ্যশালী স্কোয়াশ ইভেন্টের আসর বসেছিল বার্মিংহ্যামে। তাতেই খেতাব জয় অনাহতের। ফাইনালে মিশরের সোহাইলা হাজেমকে ৩-১ ব্যবধানে হারিয়ে।
কোয়ার্টার ফাইনালে অনাহত হারিয়ে দিয়েছিলেন মালয়েশিয়ার হারলিন ট্যানকে। ফল ছিল ৩-০। সেমিফাইনালে তিনি ৩-০ ব্যবধানেই উড়িয়ে দেন মিশরের মালাক সামিরকে। এই নিয়ে তৃতীয়বার ব্রিটিশ জুনিয়র ওপেনের ফাইনাল খেললেন অনাহত। ২০১৯ সালে জিতেছিলেন অনূর্ধ্ব ১১ খেতাব। ২০২০ সালে তিনি রানার-আপ হয়েছিলেন। সেবার অনূর্ধ্ব ১৩ বিভাগে অংশ নিয়েছিলেন। এবার ফের খেতাব জয়, অনূর্ধ্ব ১৫ ক্যাটেগরিতে। ফেব্রুয়ারিতে চেন্নাইয়ে হবে এশিয়ান জুনিয়র টিম চ্যাম্পিয়নশিপ। স্কোয়াশের সেই ইভেন্টে অংশ নেওয়ার আগে ব্রিটিশ ওপেনের সাফল্য নিশ্চিতভাবেই আত্নবিশ্বাস বাড়াল অনাহতের।
দিল্লি-নিবাসী অনাহত ৬ বছর বয়সে ব্যাডমিন্টন প্রশিক্ষণ নিতে শুরু করেছিলেন। তবে তাঁর দিদি অমৃতা স্কোয়াশ খেলতেন। দিদির সঙ্গে স্কোয়াশ খেলার সময় হাজির থাকতে থাকতেই এই খেলার প্রতি আগ্রহ বাড়ে। কয়েকটি টুর্নামেন্টে সাফল্য তাঁর আত্মবিশ্বাস বাড়ায়। ২০১৯ সালে অনাহত ডাচ জুনিয়র ওপেন স্কোয়াশ খেতাবও জিতেছিলেন। গত জুনে অনাহত এশিয়ান জুনিয়র স্কোয়াশ ব্যক্তিগত চ্যাম্পিয়নশিপ জেতেন। অনূর্ধ্ব ১৫ বিভাগে গত জুনে বিশ্বের ১ নম্বর স্কোয়াশ প্লেয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন ঋত্ত্বিক ভট্টাচার্যের প্রশিক্ষণাধীন অনাহত।












Click it and Unblock the Notifications