মানসিক চাপের কারণেই অ্যাথলেটিক্সে খারাপ ফল ভারতের? অলিম্পিক নিয়ে হতাশা প্রকাশ বিশ্বজয়ী অঞ্জুর
মানসিক চাপের কারণেই অ্যাথলেটিক্সে খারাপ ফল ভারতের? অলিম্পিক নিয়ে হতাশা প্রকাশ বিশ্বজয়ী অঞ্জুর
দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ইতিমধ্যেই কর্ণম মালেশ্বরীর পর অলিম্পিকে ভারোত্তোলনে ফের সাফল্যের মুখ দেখেছে ভারত। ৪৯ কেজি বিভাগে রুপো জিতে ইতিহাস গড়লেন মীরাবাই চানু। এদিকে শুক্রবার থেকেই অ্যাথলেটিক্সে নামতে চলেছে ভারত। কিন্তু ভারতের দীর্ঘদিনের খারাপ পারফর্মেন্স নিয়ে এবার হতাশা প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় অলিম্পিয়ান অঞ্জু ববি জর্জ।

কেন অলিম্পিকে বিশেষ সাফল্য পাচ্ছে না ভারত
এদিকে অলিম্পিকে ভারতের বিশেষ সাফল্য না আসার জন্য আগেই একাধিকবার ভারতীয় ক্রীড়া পরিকাঠামোকে কাঠগড়ায় তুলেছিলেন তিনি। এমনকী প্রশ্ন তুলেছিলেন সরকারি আর্থিক সাহায্য নিয়েও। পাশাপাশি ক্রীড়াবিদদের ক্রীড়ামুখী মনোভাব ও পেশাদারিত্ব নিয়েও একাধিকবার প্রশ্ন তুলতে দেখা গিয়েছে তাঁকে। তবে অ্যাথলেটিক্সে বরাবরের খারাপ ফলের জন্য অলিম্পিকের সময়সূচিকেও কাঠগড়ায় তোলেন তিনি।

কী বললেন অঞ্জু
এই প্রসঙ্গে অঞ্জু বলেন, "প্রতিবারই আমরা দেখি অ্যাথলেটিক্সকে বরাবরই একদম অলিম্পিক সূচির শেষে রাখা হয়েছে। আর এটা ক্রীড়াবিদদের মনের উপর খুবই খারাপ প্রভাব ফেলে। ইতিমধ্যেই ভারতের ঘরে একটি রূপোর মেডেল এসেছে। কিন্তু তার বাইরে খুব বেশি সাফল্য না আসায় বাকি খেলোয়াড়দের উপর অনেকটাই চাপ তৈরি হয়। এমতাবস্থায় অ্যাথলেটিক্স একেবারে শেষে থাকায় এই প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণকারীদের উপর বাড়তি চাপ তো থাকেই।"

মানসিক চাপ ধরে রাখতে না পারার কারণেই খারাপ ফল
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, " ২০০৪ সালে, যখন রাজ্যবর্ধন সিং রাঠোর পদক জিতেছিলেন, আমি তখনও প্রতিযোগিতা শুরু করেনি। এদিকে আমার কাঁধে তখন প্রচুর চাপ, কারণ তিনি ইতিমধ্যে জয়ের স্বাদ পেয়ে গিয়েছেন। এই চাপটি যে কি পরিমাণ হয় সাধারণ মানুষের কল্পনার বাইরে। তবে হ্যাঁ অ্যাথলেট হিসাবে, আপনাকে এটি মোকাবেলা করতে হবে। কিন্তু অনেক সময়েই দেখা এই মানসিক চাপই ধরে রাখতে না পারার কারণে খারাপ ফল করে ফেলেন খেলোয়াড়েরা।"

অ্যাথলেটিক্সের ময়দানে ভারত
প্রসঙ্গত উল্লেখ্য, ৩০ জুলাই সকাল থেকেই অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টেই অংশ নেন ভারতীয় প্রতিযোগীরা। পুরুষদের ৩০০০ মিটার স্টিপেলচেজে অংশ নেন ভারতের অবিনাশ বল। মিক্সড ৪x৪০০ মি রিলে রাউন্ডে অংশ নেন অ্যালেক্স অ্যান্টনি, সার্থক ভম্বরী। অন্যদিকে পুরুষদের ৪০০ মিটার হার্ডলসে অংশ নেন এমপি জাবির। পাশাপাশি মহিলাদের ১০০ মিটার রাউন্ডে অংশ নেন দ্যুতি চাঁদ।

খেলা চলবে ৮ অগাষ্ট পর্যন্ত
এদিকে করোনার কালোছায়াকে সঙ্গী করেই এবার শুরু হয়েছে টোকিও অলিম্পিক ২০২০। করোনার জন্য গত বছর পিছিয়ে যায় অলিম্পিক। অবশেষে বাতিল না হলেও তীব্র প্রতিবাদ আন্দোলন উপেক্ষা করেই অলিম্পিকের আয়োজন করেছে জাপান। ২৩ জুলাই থেকে খেলা শুরু হলেও চলবে ৮ই অগাস্ট পর্যন্ত।












Click it and Unblock the Notifications