'দেওয়াল লিখন'-কে কেন্দ্র করে উত্তেজনা মহিষাদলে
'দেওয়াল লিখন'-কে কেন্দ্র করে উত্তেজনা মহিষাদলে
'দেওয়াল দখল'- 'দেওয়াল লিখন'-কে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মহিষাদলে। কাঠগড়ায় শাসকদল ও রাজ্যের প্রধান বিরোধী শক্তি বিজেপি। তৃণমূলের দাবি, তাদের দেওয়াল জোর করে দখল নিতে চাইছে বিজেপি। পাল্টা গেরুয়া শিবিরের দাবি, দেওয়ালের মালিকই এই লিখনের অনুমতি দিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে মহিষাদল থানার পুলিস পৌঁছয় এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মহিষাদল ব্লকের ৮৫ নম্বর বুথে রাসমঞ্চের কাছে একটি দেওয়াল দখল করে তৃণমূল। ভোটের প্রচারে তা ব্যবহার করা হবে বলে 'সাইট ফর তৃণমূল' লিখে রাখে তারা। অভিযোগ, স্থানীয় বিজেপি নেতৃত্ব দলবল নিয়ে এলাকায় হাজির হয়। তৃণমূলের লেখার উপরই সাদা রঙের প্রলেপ ফেলে বিজেপির সমর্থনে লেখা শুরু করে। খবর পেয়েই সেখানে পৌঁছয় তৃণমূলের কর্মী, সমর্থকরা। এরপরই শুরু হয় বচসা, কথা কাটাকাটি। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হতে থাকে। খবর যায় থানায়। পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজেপির এক স্থানীয় নেতার জানান, 'দেওয়ালের মালিক আমাদের অনুমতি দিয়েছেন দেওয়ালের কিছুটা অংশে প্রচারের জন্য ব্যবহার করতে। কিন্তু লিখতে গিয়ে আমাদের তৃণমূলের বাধার মুখে পড়তে হয়।' তৃণমূলের পাল্টা দাবি, 'আমরা আগে থেকেই ওই দেওয়াল নিয়ে রেখেছিলাম। আমাদের লেখার উপর জোর করে লেখার চেষ্টা চালাচ্ছিল বিজেপি। নিজেদের ক্ষমতা দেখাতে চাইছে ওরা। মহিষাদলে রাজনৈতিক অশান্তি তৈরি করার চেষ্টা করছে।'












Click it and Unblock the Notifications