‘আমি স্থানীয় ছেলে এখানেই থাকব', বহিরাগত ইস্যুতে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর
নন্দীগ্রামে প্রচার কর্মসূচিতে শুভেন্দু অধিকারী। বললেন, ‘আমি স্থানীয় ছেলে এখানেই থাকব। বাকি যাঁরা উড়ে এসেছেন, উড়ে চলে যাবেন। নাম না করে মমতাকে কটাক্ষ শুভেন্দুর।
হাতে আর মাত্র কয়েক ঘন্টা! প্রচারে সরগরম নন্দীগ্রাম। একদিকে ভাঙা পা এবং হুইল চেয়ারে বসেই লাগাতার সভা করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামের মেঠো মাঠে ঘুরে বেড়াচ্ছেন।
অন্যদিকে সভা, রোড শোতে প্রচারে ঝড় তুলছেন শুভেন্দু অধিকারীও। টাননটান উত্তেজনা। আর এরই মধ্যে ফের একবার বহিরাগত ইস্যুতে তৃণমূল নেত্রীকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। পালটা জবাব তৃণমূল নেত্রীরও।

আমি এলাকার ছেলে!
ভোট গ্রহণের কয়েক ঘন্টা আগেও বহিরাগত-ভূমিপুত্র ইস্যুতে সরগরম নন্দীগ্রাম। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হচ্ছেন, তাঁর নাম ঘোষণা হতেই একের পর এক পোস্টার পড়তে থাকে নন্দীগ্রামের বিভিন্ন জায়গাতে। বহিরাগত প্রার্থী নয়, ভূমিপুত্র প্রার্থী চাই এমনটাই লেখা থাকে পোস্টারে। আর প্রচারের শেষলগ্নে এসে সেই বিষয়টিকেই ফের একবার ইস্যু করলেন শুভেন্দু। বলেন, 'আমি স্থানীয় ছেলে এখানেই থাকব। বাকি যাঁরা উড়ে এসেছেন, উড়ে চলে যাবেন। নাম না করে এভাবেই মমতাকে কটাক্ষ করেন শুভেন্দু।

তিরিশে তিরিশ পাবে বিজেপি!
নন্দীগ্রাম থেকে তিনি জেতার ব্যাপারে একেবারে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হুঙ্কার, '১ তারিখে আমি ওপারের বেগমকে হারাচ্ছি। যতই হাত ভাঙুক, পা ভাঙুক, কোনও কিছুতেই কিছু হবে না।'শুধু তাই নয়, এলাকার ৩০টি আসনের মধ্যে তিরিশও বিজেপি পাবে বলে আত্মবিশ্বাসী শুভেন্দু। তৃণমূল কোনও ফ্যাক্টারই নয় বলে মনে করেন তিনি।

মমতার বিস্ফোরক অভিযোগের জবাব!
নন্দীগ্রাম আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, নন্দীগ্রামে পুলিশ ঢোকার কথা জানতেন শিশির অধিকারী ও শুভেন্দু অধিকারী। ১৪ মার্চ, নন্দীগ্রামে পুলিশ ঢোকা নিয়ে এমনই বিস্ফোরক দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিআইএম নয়, ২০০৭-এর ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশ ঢোকার দায় কার্যত অধিকারী পরিবারের ঘাড়ে ঠেলে দেন তৃণমূল সুপ্রিমো। সেই প্রসঙ্গে শুভেন্দু জানান, নন্দীগ্রামের মানুষ সব কিছুই জানেন। সত্যিটা জানেন। আগামী ১ তারিখ নন্দীগ্রামের মানুষ জবাব দিয়ে দেবে বলে দাবি শুভেন্দুর।

তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে মিনি পাকিস্তান হবে
তোষনের রাজনীতি নিয়েও এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তোষণ। তবে এবার তোষণের হার হবে এবার ভোটে, দাবি শুভেন্দুর। একই সঙ্গে বিজেপি নেতার দাবি, এবার বিজেপি সরকার গড়বে বাংলায়। যোগী আদিত্যনাথ যেভাবে সোজা করেছে সেভাই সোজা করব আমরা উত্তরপ্রদেশ পারলে, পশ্চিমবঙ্গও পারবে। এমনটাই মনে করেন নন্দীগ্রামের বিজেপির প্রার্থীর।












Click it and Unblock the Notifications