দেবীপক্ষের আগেই ঝাড়গ্রামে শুরু হয়ে গেল মল্লদেব পরিবারের পুজো
দুর্গাপুজো শুরু হতে এখনও একমাসের বেশি সময় হাতে রয়েছে। দেবী পক্ষেরই সূচনা হয়নি এখনও। কিন্তু এরই মধ্যে পুজো শুরু হয়ে গেল ঝাড়গ্রামে।

দেবী পক্ষের সূচনার আগেই দেবীর বোধন শুরু হয়ে গেল গড় ঝাড়গ্রামের রাজার পুজোয়। ৪১১ বছর ধরে এই একই প্রথা চলে আসছে। তবে বর্তমানে রাজ পরিবারের পুজোর সেই জৌলুস হারিয়ে গিয়েছে। কিন্তু ঝাড়গ্রামের মল্লদেব রাজ পরিবারের বাড়ির দেবী পুজোর নির্ঘণ্ট আজ পর্যন্ত পরিবর্তন হয়নি। প্রত্যেক বছরই মহালয়ার আগে কৃষ্ণপক্ষের নবমী তিথিতে মঙ্গলঘট প্রতিষ্ঠান করে দেবীর আমন্ত্রণ ও অধিবাস শুরু হয়ে যায় পিতৃপক্ষে।
পুরনো আমলে রাজার গড় ঝাড়গ্রাম হল বর্তমানের অরণ্য শহরের পুরনো ঝাড়গ্রাম এলাকা। এখানে রয়েছে রাজ পরিবারের কুলদেবী সাবিত্রীর মন্দির। মন্দিরের ভেতর পৃথক চণ্ডীমণ্ডপে পটে দুর্গাপুজো হয়। আগে প্রাচীন পটটি ছিল শালপাতার ঝালরের উপর আঁকা। কয়েক শতাব্দী আগে প্রাচীন পটটি নষ্ট হয়ে যাওয়ায় এখন চণ্ডীমণ্ডপের দেওয়ালে চিত্রিত পটে দেবীর পুজো হয়। দেবীর নাম পটেশ্বরী। শুক্রবার কৃষ্ণপক্ষের নবমী তিথিতে শুরু হয়েছে পুজো। চলবে বিজয়া দশমী পর্যন্ত। রাজ পরিবারের এক সদস্য জানান, জীতাষ্টমীর রাতে রাজবাড়ি থেকে মঙ্গলঘাট আসে চণ্ডীমণ্ডপে। তার পরের দিন কৃষ্ণপক্ষের নবমী থেকে পুজো শুরু হয়।












Click it and Unblock the Notifications