হঠাৎ পরিস্থিতি বদলে প্রবল গতিতে বইছে ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি! রাতেই খালি করা হচ্ছে একের পর এক গ্রাম
হাওয়া অফিস ঘূর্ণিঝড় ইয়াসের পূর্বাভাসে জানিয়েছে, বাংলা এ যাত্রায় রক্ষা পারে। শুধু পূর্ব মেদিনীপুর অর্থাৎ দিঘার উপকূলবর্তী অঞ্চলে ইয়াসের প্রভাব পড়তে চলেছে। ওড়িশার বালেশ্বরে ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার কথা। তারপর দিঘা হয়ে
হাওয়া অফিস ঘূর্ণিঝড় ইয়াসের পূর্বাভাসে জানিয়েছে, বাংলা এ যাত্রায় রক্ষা পারে। শুধু পূর্ব মেদিনীপুর অর্থাৎ দিঘার উপকূলবর্তী অঞ্চলে ইয়াসের প্রভাব পড়তে চলেছে। ওড়িশার বালেশ্বরে ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার কথা। তারপর দিঘা হয়ে তা চলে যাবে ঝাড়খণ্ডের দিকে।
দিঘায় যেহেতু ঝড় তাণ্ডব চালাতে পারে, সেখানেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

বাংলার মধ্যে দিঘায় ঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়বে
আবহাওয়া দফতরের পূর্বাভাস, অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশার বালেশ্বর সংলগ্ন এলাকায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার বেগে ঝড় বইবে। অতিভারী বৃষ্টি হতে পারে। দিঘাও তার বাইরে নয়। বাংলার মধ্যে দিঘায় সবথেকে বেশি প্রভাব পড়বে ঝড়ের। তাই আগে থেকেই সতর্কতা অবলম্বন করেছে বাংলার প্রশাসন।

ক্রমশ অবনতি হচ্ছে পরিস্থিতি
দিঘা এবং তার সংলগ্ন এলাকায় দ্রুত আবহাওয়ার অবনতি হচ্ছে। ক্রমশ কাছাকাছি আসছে সাইক্লোন ইয়াস। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রবল হাওয়ার দাপট। একই সঙ্গে যত রাত বাড়ছে বৃষ্টির পরিমাণও বাড়ছে। পরিস্থিতি বেগতিক দেখে আচমকাই পরিকল্পনা বদল করল জেলা প্রশাসন। মঙ্গলবার সকালের পরিবর্তে সোমবার রাতেই সমুদ্র উপকূলবর্তী গ্রামগুলিকে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে।

সমুদ্র তীরবর্তী গ্রামগুলিকে খালি করা হচ্ছে
জেলা প্রশাসনের নির্দেশ পেতেই পরিস্থিতি সামলাতে যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নেমেছেন দিঘা এবং সমুদ্র উপকূলবর্তী এলাকার স্থানীয় প্রশাসনিক কর্তারা। সোমবার রাতেই যত দ্রুত সম্ভব সমুদ্র তীরবর্তী গ্রামগুলিকে খালি করে সেখানকার বাসিন্দাদের অপেক্ষাকৃত সুরক্ষিত ফ্লাড সেন্টার বা রিলিফ সেন্টারে তুলে আনতে তৎপরতা শুরু হয়েছে। রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র বলেন, বুধবার ইয়াস আছড়ে পড়বে বলে সতর্কবার্তা ছিল। তাই মঙ্গলবার সকাল থেকে গ্রামবাসীদের সরিয়ে আনার কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু যেভাবে হাওয়ার গতিবেগ বাড়ছে তাতে রাতেই নিরাপদ জায়গাতে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় মানুষজনকে।

দিঘায় রেড অ্যালার্ট বা লাল সতর্কতা জারি
বাংলায় প্রায় লকডাউন এই করোনার আবহে। তার ফলে এমনিতেই পর্যটকশূন্য হয়ে রয়েছে। তারপর গত কয়েকদিন ধরে সাইক্লোন মোকাবিলায় মাইকিং করছে প্রশাসন। সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবার দিঘায় রেড অ্যালার্ট বা লাল সতর্কতা জারি করা হয়েছে।

৬০ কিলোমিটার দূরে ঝড়ের ল্যান্ডফল, তাই দিঘায় প্রভাব
ঘূর্ণিঝড় ইয়াস পারাদ্বীপ ও দিঘার মধ্যে কোথাও ল্যান্ডফল করতে পারে, এই আভাস আগে থেকেই দিয়ে রেখেছিল আলিপুর হাওয়া অফিস। সেইমতোই পারাদ্বীপ ও দিঘার মধ্যে বালাসোরে বা বালেশ্বরে আছড়ে পড়ছে ইয়াস। বালাসোর থেকে দিঘার দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার। তাই দিঘা ইয়াসের প্রভাবমুক্ত হতে পারছে না।












Click it and Unblock the Notifications