বাড়িতে কেন দলের পতাকা? বিধাননগরে বিজেপি নেতাকে মারধরের ছবি CCTV ক্যামেরায়
সিসিটিভি ফুটেজে ধরা পড়লো বিজেপির উত্তর কলকাতা শহরতলীর ওবিসি মোর্চার নেতার পরিবারকে আক্রমণ এবং মারধরের ঘটনা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা বিধাননগর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের।
অভিযোগ, রবিবার সকালে মদ্যপ অবস্থায় তৃণমূল কংগ্রেস কর্মীরা উত্তর কলকাতা শহরতলী ওবিসি মোর্চার সভাপতি দেবনাথ সিংহের বাড়িতে যায়। তাঁর বাড়িতে কেন বিজেপির পতাকা লাগানো আছে তা অবিলম্বে খুলে ফেলে দিতে হবে, এই দাবি করে মদ্যপ তৃণমূল কর্মীরা। বিষয়টি নিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি নেতার পরিবারের সদস্যদের বচসা শুরু হয়।

এরপর বিজেপি নেতার পরিবারের লোকজনকে তৃণমূল কর্মীরা আক্রমণ এবং মারধর করে বলে অভিযোগ। বিজেপি নেতার স্ত্রী, ছেলে ও বৌমা-সহ পরিবারের সকলকেই তৃণমূল কর্মীরা মারধর করে বলে অভিযোগ করেছেন দেবনাথ সিংহ।
রবিবারের পুরো এই ঘটনা রেকর্ড হয়ে যায় বিজেপির নেতার বাড়িতে বসানো সিসিটিভি ক্যামেরায়। যা ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে নিউটাউন কৃষ্ণপুর চণ্ডীবেরিয়া এলাকায়।
ইতিমধ্যে নির্বাচনী পরবর্তী হিংসা নিয়ে বিজেপি চারজনের কমিটি গঠন করেছে। তারাও সোমবার রাজ্যে আসছেন ভোট পরবর্তী হিংসার বিষয় জেনে রিপোর্ট দিতে। অপরদিকে রবিবার বিকেল পাঁচটায় নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার ঠিক আগে এই ঘটনা নিয়ে এখনও তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসার ঘটনায় বিভিন্ন জেলা সফর করতে শুরু করেছেন। শনিবার তিনি গিয়েছিলেন কোচবিহারে। পরবর্তী সময়েও ভোট পরবর্তী হিংসা নিয়ে নানা কর্মসূচি রয়েছে বিরকোধী দলনেতার।












Click it and Unblock the Notifications