২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ, খুঁটিপুজোর পর কী বললেন নেতৃত্ব ?
২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস। সেই উপলক্ষে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সব থেকে বড় সমাবেশের আয়োজন করা হয়। আজ সোমবার উল্টো রথের দিনে সেখানে খুঁটি পুজো হল।
আগামী কাল থেকেই সম্ভবত মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে যাবে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই দিন বার্তা দেবেন। রাজনৈতিক পর্যায়ে এবারের শহিদ সমাবেশ তাৎপর্যপূর্ণ। এই কথা মনে করা হচ্ছে।

সোমবার খুঁটিপুজো অনুষ্ঠানে তৃণমূলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সুব্রত বক্সী, শান্তনু সেন সহ অন্যান্যরা ছিলেন সেখানে। সুব্রত বক্সী ২১ জুলাইয়ের সেই ঘটনার কথা মনে করিয়ে দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, বাম সরকারের বিরুদ্ধে আন্দোলন, তৃণমূল কংগ্রেসের পথ চলা। এইসব প্রসঙ্গ নেতৃত্বের কথায় উঠে আসে।
এবারের লোকসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যে অভাবনীয় ফল করেছে। ২৯ টি আসনে জয় লাভ করেছে তৃণমূল। বিজেপি কার্যত ধরাশায়ী হয়েছে বাংলায়। ইন্ডিয়া জোটের মধ্যেও তৃণমূল তৃতীয় বৃহত্তম শক্তি। সদ্য সমাপ্ত চারটি বিধানসভা উপ নির্বাচনে জয় লাভ করেছে তৃণমূল। দুটি আসন বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তারা।
এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বক্তব্য রাখেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কী বার্তা দেন? সেদিকে অপেক্ষা রয়েছে রাজনৈতিক মহলেরও। ২০২৬ সালে রাজ্যে ফের বিধানসভা নির্বাচন। আর দুই বছর সময়ও হাতে নেই। ফলে আরও সঙ্ঘবদ্ধভাবে লড়াইয়ের ডাক দেওয়া হবে। এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে তৃণমূলের অন্দরে।
শুভেন্দু অধিকারীও ২১ জুল কর্মসূচির ডাক দিয়েছে। ফলে শাসক - বিরোধী দুই দলই ওই দিন কর্মসূচি থেকে কড়া বার্তা দেবে। এই কথা মনে করা হচ্ছে। বিরোধীদের কর্মসূচি সম্পর্কে সুব্রত বক্সী কোনও কথা বলতে চাননি।












Click it and Unblock the Notifications