কলকাতায় অনুষ্কা শর্মার শ্যুটিং-এ মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হলেন টেকনিশিয়ান
অনুষ্কা শর্মার শ্যুটিং চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একজনের। দক্ষিণ ২৪ পরগনার ভোজের হাটের হোগলবেড়িয়ায় কয়েকদিন ধরেই পরী ছবির শ্যুটিং চলছিল। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে
অনুষ্কা শর্মার শ্যুটিং চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একজনের। দক্ষিণ ২৪ পরগনার ভোজের হাটের হোগলবেড়িয়ায় কয়েকদিন ধরেই পরী ছবির শ্যুটিং চলছিল। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। হাসপাতালে নিয়ে গেলে শাহ আলম নামে প্রোডাকশন টিমের ওই কর্মীকে মৃত বলে ঘোষণা করা হয়।

ভোজের হাটের হোগলবেড়িয়ার বাঁশবাগানে পরী ছবির শ্যুটিং চলছিল। হাজির ছিলেন নায়িকা অনুষ্কা শর্মা এবং নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়। শ্যুটিং-এর জন্য বিদ্যুতের তার টানা হয়েছিল। কোন এক জায়গায় তার খোলা থাকাতেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে অনুমান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁরা একটি পুকুরের অপর পাড় থেকে ছবির শ্যুটিং দেখছিলেন। সেই সময় হঠাৎই একজনকে পড়ে যেতে দেখেন।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই শাহ আলম নামে ওই কে টেকনিশিয়ানকে নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ঘটনার তদন্তও শুরু করেছে তারা।

দুর্ঘটনার পরেই পরী ছবির শ্যুটিং-এর কাজ বন্ধ করে দেওয়া হয়। জিনিসপত্র গুটিয়ে নেন প্রোডাকশন টিমের অন্য সদস্যরা।
পরী ছবিটি তৈরি করছেন নায়িকা অনুষ্কা শর্মা নিজেই। ছবিটি পরিচালনা করছেন প্রসিত রায়। মাঝে পরী ছবিটির শ্যুটিং নিয়ে সমস্যা দেখা দেয়। টলিউডের কর্মীদের ধর্মঘটের জেরে ছবিটির শ্যুটিং-এর কাজ বন্ধ ছিল।












Click it and Unblock the Notifications