ভোটের আগে তৃণমূলের তোলাবাজি ইউনিট সক্রিয়, 'চোরেদের টাকা দেবেন না', সাবধান করলেন শুভেন্দু অধিকারী
একাধিক বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বেকারত্ব থেকে টোটো চালকদের সমস্যা, একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তুলোধোনা করেছেন বিরোধী দলনেতা।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্বের কারণে শিক্ষিত যুবক-যুবতীরা টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করতে বাধ্য হচ্ছেন। তাঁর মতে, নতুন নিয়োগ তো দূরের কথা, বর্তমান সরকারের আমলে অমিত মিত্রের নেতৃত্বে ছয় লক্ষ স্থায়ী পদ বিলুপ্ত করা হয়েছে, যা বেকারত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

তিনি জানান, রাজ্যের বিভিন্ন ছোট কামারশালায় এই টোটোগুলি তৈরি হয় এবং সেগুলো চালিয়েই যুবকরা সংসার চালাচ্ছেন। তবে, রাজ্য সরকার এখন রেজিস্ট্রেশনের নামে টোটো চালকদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে। রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ টাকা এবং প্রতি মাসে ১০০ টাকা দিতে হবে।
বিরোধী দলনেতা কটাক্ষ করে বলেন যে, ইডি-সিবিআই তদন্তের কারণে চিটফান্ড বন্ধ হয়ে যাওয়ায় রাজ্য সরকার এখন মদ বিক্রির ওপর নির্ভরশীল। রাজ্যে নতুন ২০ হাজার মদের দোকান খোলা হয়েছে। সামনে নির্বাচন থাকায় নভেম্বরে-ডিসেম্বরে ভাতা ১০০-২০০ টাকা বাড়ানোর সম্ভাবনা রয়েছে, আর সেই অর্থ যোগাড় করতেই সরকার টোটো চালকদের কাছ থেকে টাকা তুলতে চাইছে। তিনি গ্রামগঞ্জের টোটো চালকদের জন্য এই বর্ধিত ফি মকুবের দাবি জানান।
শুভেন্দু আরও বলেন, আগামী চার মাসের মধ্যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার আগে সরকার প্রায় ৫ লক্ষ টোটোকে রেজিস্ট্রেশনের নামে নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তাঁর অভিযোগ, তৃণমূলের মিছিল-মিটিংয়ে ভিড় বাড়ানোর জন্য টোটো চালকদের রাজনৈতিকভাবে ব্যবহার করার অপচেষ্টা চলছে।
টোটো চালকদের উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, "রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি আপনাদের পাশেই আছে, তাই আপনারা এক টাকাও দেবেন না। আপনারা সাহায্য চাইলে বিজেপি এবং বিজেপির মনোনীত সদস্যরা আপনাদের সাহায্য করবে।"
এছাড়াও তিনি জানান, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাঁকে আশ্বাস দিয়েছেন যে বাংলার শিক্ষক-শিক্ষিকারা ন্যায়বিচার পাবেন। তাই তিনি সকলকে সতর্ক করে বলেন, "কোথাও আপনারা টাকা দেবেন না। কারণ এই সরকার জলে-স্থলে বিভিন্ন জায়গা থেকে তোলাবাজি করার চেষ্টা করছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, আমরা আপনাদের পাশে আছি এবং এই চোরের সরকারকে টাকা দেবেন না।"












Click it and Unblock the Notifications