হাইকোর্টে প্রাথমিক টেট মামলার রায়দান পিছিয়ে গেল
কলকাতা, ৩১ অগাস্ট : বিশেষ কিছু কারণের জন্য কলকাতা হাইকোর্টে প্রাথমিক টেটের রায়দান পিছিয়ে গেল। এই মামলায় বেশ কিছু নতুন দিক সামনে উঠে এসেছে যার জন্যই এই রায়দান পিছিয়ে গেল বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য মার্চ মাসে অপ্রশিক্ষিতদের প্রাথমিকে নিয়োগের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সি এস কারনানের এজলাসে আজ এই মামলার রায়দানের কথা ছিল।
সরকার নিয়ম না মেনে প্রাথমিকে নিযোগ করেছে এই মর্মে কলকাতা উচ্চ আদালতে একটি মামলা দায়ের হয়েছিল। টেটের প্রশিক্ষিত পরীক্ষার্থীরা এই মামলা দায়ের করেছিলেন। সেই মামলারই আজ রায়দান পিছিয়ে গেল। উল্লেখ্য ২০১৫ তে যে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল তাতে প্রায় ২৩ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন।

কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যদি নিয়োগ প্রক্রিয়া অবৈধ ঘোষণা করে দেন তাহলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেতে পারে মামলাটি বলে অনেকেই মনে করছেন। তবে আজকের রায়দান নিয়ে যথেষ্ট আশাবাদী ছিলেন প্রশিক্ষিত টেট পরীক্ষার্থীরা।
কিছুদিন আগেই আদালতে মামলাকারী ছাত্রদের উদ্দেশ্যে তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাদিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, যদি কোর্ট থেকে মামলা তুলে নেওয়া হয় তাহলে সরকার প্রস্তুত রয়েছে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য।












Click it and Unblock the Notifications