রাতভর বৃষ্টিতে জলের তলায় কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা, পুজোর আগে আরও বিপর্যয়!
সোমবার মাঝরাত থেকে ফের একটানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে সোমবার মাঝরাতের কিছু আগে থেকেই বৃষ্টি শুরু হয়। তবে সেই বৃষ্টিতে যে টানা রাতভর চলবে তখন আন্দাজ মেলেনি। অবিরাম বৃষ্টিতে কোথাও হাঁটু, কোথাও আরও বেশি জলে ডুবেছে কলকাতা সহ জেলার একাধিক এলাকা।
দক্ষিণবঙ্গে রাতভর টানা বৃষ্টির কারণে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত। কলকাতার বহু এলাকা পুজোর আগে জলমগ্ন। যার ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। সকাল থেকে অফিসে যাতায়াতকারীরা যানবাহনের অভাবে চরম ভোগান্তির শিকার হয়েছেন। পুজোর আগে নানা জায়গায় প্যান্ডেলে বাঁশ বাঁধার কাজ চলছে। সেগুলিরও অনেক ক্ষতি হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে এই বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিস পুজোর আগে এই নিম্নচাপের পূর্বাভাস দিয়েছিল। সেটা মিলেও যাচ্ছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন ফের কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টি হতে চলেছে। অন্য জেলাগুলিতেও বৃষ্টি চলবে। গাঙ্গেয় বঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে।
ওদিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা হলেও দক্ষিণবঙ্গের মতো দুর্যোগের আশঙ্কা নেই বলেই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications