R G Kar Hospital: বহু হাসপাতালে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, বিশেষ টিম গঠন করল স্বাস্থ্য দফতর
R G Kar Medical College And Hospital: আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড়। বিচার চেয়ে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্বও। আর এর মধ্যেই আজ সোমবার থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা।
একাধিক হাসপাতালে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। কর্মবিরতি পালন করা হবে বিভিন্ন বেসরকারি কলেজেও।জরুরি পরিষেবার পাশাপাশি অন্যান্য বিভাগও বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি জুনিয়ার চিকিৎসকদের। যার ফলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা (R G Kar Medical College And Hospital)।

চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে পারেন সাধারণ মানুষ এবং তাদের আত্মীয়রা। যদিও জুনিয়ার ডাক্তারদের সমস্ত দাবি মেনে নেওয়ার কথা আগেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কর্মবিরতির পথ থেকে সরে আসার আহ্বান জানান। কিন্তু তাতেও পরিস্থিতি বদল হল না। বরং আরও জটিল হয়ে উঠল।
বলে রাখা প্রয়োজন, সোমবার রাতে কলকাতা মেডিক্যাল কলেজে জেনারেল বডির বৈঠক ডাকা হয়। মোট ১২ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালের প্রতিনিধিরা এই বৈঠকে যোগ দেন। ছিলেন এনআরএস, কলকাতা মেডিক্যাল, ন্যাশনাল সহ একাধিক হাসপাতালের প্রতিনিধিরা। যেখানে সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে ছয়দফা দাবিও জানানো হয়।
যেখানে ঘটনার বিচারবিভাগীয় তদন্ত সহ একাধিক দাবি জানানো হয়েছে। আর সেই দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে এদিন আরজি কর পর্যন্ত একটি মিছিলেরও ডাক দেওয়া হয়েছে প্রতিবাদীদের তরফে। কলেজ স্কোয়ার থেকে বিকেল ৪টের সময় এই মিছিল শুরু হবে বলে জানা যাচ্ছে।
যদিও স্বাস্থ্য দফতরের তরফে পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতিতে জরুরি পরিষেবায় ব্যাপক প্রভাব পড়তে পারতে বলে আশঙ্কা। এই অবস্থায় স্বাস্থ্য দফতরের তরফে বিশেষ টিম গঠন করা হয়েছে। পরিস্থিতি হাতের বাইরে গেলেই ডাক্তারদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে বলে জানা যাচ্ছে। যাতে জরুরি পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হয়।
বলে রাখা প্রয়োজন, ঘটনার পরেই আরজি কর হাসপাতাল সহ একাধিক হাসপাতালে চলছে কর্মবিরতি। তবে জরুরি পরিষেবা স্বাভাবিক ছিল। কিন্তু আজ সোমবার সপ্তাহের প্রথমদিন। পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই ঘটনার আঁচ শুধু বাংলায় নয়, দেশের বিভিন্ন কোনায় ছড়িয়ে পড়েছে। একাধিক হাসপাতালে শুরু হয়েছে কর্মবিরতি।












Click it and Unblock the Notifications