Kolkata Durga Puja 2024: বিতর্কের মধ্যেই দর্শকদের লাড্ডু খাওয়াবে শ্রীভূমির তিরুপতি 'মন্দির'
Kolkata Durga Puja 2024: বিতর্কে তিরুপতি লাড্ডু (Tirupati laddu row)! পশুর চর্বি মেশানোর অভিযোগ। আর সেই অভিযোগে একেবারে সরগরম জাতীয় রাজনীতি। আর এর মধ্যেই ১ লাখ লাড্ডু বিতরণের সিদ্ধান্ত শ্রীভুমি স্পোর্টিং (Sreebhumi Sporting Club)। কলকাতার অন্যতম পুজো উদ্যোক্তা। এবার তাদের ভাবনা বিখ্যাত তিরুমালা তিরুপতি (Tirumala Tirupati Devasthanam) মন্দির।
ভাবনার সঙ্গে প্রতিমাতেও থাকছে দক্ষিণী ছোঁয়া। আর তা দেখতে একেবারে মহালয়া থেকে মানুষের ভিড় উপচে পড়ছে।

পুজো (Kolkata Durga Puja 2024) দেখতে আসা দর্শকদের জন্য এক লাখ লাড্ডু বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন পুজো উদ্যোক্তারা। কার্যত তিরুপতি মন্দিরে যখন লাড্ডু নিয়ে বিতর্ক চলছে ঠিক সেই সময় শ্রীভূমির এহেন উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই বিষয়ে দ্য হিন্দুকে শ্রীভূমির তরফে অন্যতম পুজো কর্তা দিব্যেন্দু কিশোর গোস্বামী বলেন, লাড্ডু তৈরি করতে ১৫ জন রাধুনিকে তিরুপতি মন্দির থেকে আনা হয়েছে। একেবারে ঐতিহ্য মেনেই তৈরি করা হচ্ছে এই মিষ্টি। তবে সবটাই একেবারে দেশি ঘি'তেই তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন দিব্যেন্দুবাবু।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রত্যেক বছরই নতুন কিছু ভাবনা থাকে। এই বছর পুজোয় তিরুপতি মন্দির তৈরি করা হয়েছে। প্রসাদ হিসাবে মানুষকে লাড্ডূ দেওয়া হবে। আর এর সঙ্গে কোনও বিতর্ক নেই। এমনকি অনেক আগেই এই বিষয়ে সিদ্ধান্ত হয় বলেও জানান দিব্যেন্দু কিশোর গোস্বামী। এমনকি টাকা কিংবা খরচ এর সঙ্গে সম্পকিত নয় বলেও ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান তিনি। বলে রাখা প্রয়োজন, শ্রীভুমি ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসু। পুজোর ভাবনা থেকে সমস্ত কিছু তাঁর ভাবনা এবং নির্দেশেই হয়ে থাকে। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
বলে রাখা প্রয়োজন, তিরুপতির মন্দিরের প্রসাদী লাড্ডুর জন্য ব্যবহৃত ঘি-র নমুনায় মাছের তেল, বিফ ট্যালো ও লার্ড বা শূকরের চর্বি মেশানোর অভিযোগ সামনে আসে। পরে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। তাতে রিপোর্ট পজিটিভ আসে। যা নিয়ে শুরু হয় জোর রাজনৈতিক তরজা। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত।












Click it and Unblock the Notifications