একশো দিনের কাজ ইস্যুতে কেন্দ্রকে ও ভোটার তালিকা ইস্যুতে কমিশনকে জোড়া তোপ অভিষেকের
একশো দিনের কাজের বকেয়া এবং ভোটার তালিকা বিতর্কে কেন্দ্র ও নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ভোটার তালিকা থেকে একটি নামও বাদ পড়লে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তাঁরা।
দমদম বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অভিষেক কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ তোলেন। তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও ১০০ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র, উল্টে সুপ্রিম কোর্টে আবেদন করেছে।

এই প্রসঙ্গে অভিষেক আরও বলেন, “সরকার হাইকোর্টের নির্দেশ মানছে না, কারণ তারা চায় না বাংলার গরিব মানুষ টাকা পাক। এরাই জনবিরোধী, বাংলা বিরোধী সরকার। বিজেপি যেভাবে দেশ চালাচ্ছে, তা মানুষ বুঝে গিয়েছে। বাংলায় হেরে কেন্দ্র আবাস, রাস্তা-সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের ১ লক্ষ ৯৪ হাজার কোটি টাকা আটকে রেখেছে। মোদীকে বলুন আগে সেই টাকা মেটাতে, তারপর বাংলা নিয়ে কথা বলতে।”
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলেন অভিষেক। তিনি বলেন, “কমিশনের যুক্তি গ্রহণযোগ্য নয়। রবিবার সাংবাদিক বৈঠক করেও তারা কোনও প্রশ্নের জবাব দিতে পারেনি। মৃত ভোটারদের নাম কেন তালিকায়, এই প্রশ্নেরও জবাব দিতে পারেনি কমিশন। তারা মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে।”
মৃত ভোটার প্রসঙ্গে তিনি বলেন, “লক্ষ লক্ষ মৃত ভোটারের নাম ভোটার তালিকায় রয়েছে। এই তালিকার ভিত্তিতেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। যদি সত্যিই তদন্ত করতে হয়, আগে লোকসভা ভাঙুন। আমরা মানুষকে ভয় পাই না, ভয় পাচ্ছে বিজেপি। তাই কমিশনকে দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে।”
অভিষেক আরও বলেন, “কমিশন বলছে সাত দিনের মধ্যে হলফনামা না দিলে কোনও দাবির গ্রহণযোগ্যতা থাকবে না। আমি পাল্টা বলি, বিহারে ৬৫ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, কমিশন হলফনামা দিয়ে বলুক – একটি নাম ভুল থাকলে মুখ্য নির্বাচন কমিশনার ইস্তফা দেবেন কি?” তিনি হুঁশিয়ারি দেন, ভোটার তালিকা থেকে একজনের নামও বাদ গেলে এক লক্ষ জনতাকে নিয়ে দিল্লিতে আন্দোলনে নামবেন।












Click it and Unblock the Notifications