করোনার সঙ্গে যুঝতে ভারতকে ১০০ কোটি ডলার, ঘোষণা বিশ্ব ব্যাঙ্কের
আমেরিকার পর এবার বিশ্ব ব্যাঙ্কের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে চলেছে ভারত। করোনা সংক্রমণে বিশ্ব অর্থনীতিতে তীব্র মন্দা দেখা দিয়েছে। তবে বর্তমানে অর্থনীতির কথা ভাবার আগে করোনা দূর করার বিষয়ে নজর দেওযা প্রয়োজন। আর তাই এদিন ভারতকে ১০০ কোটি মার্কিন ডলার আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করে বিশ্ব ব্যাঙ্ক। ভারত ছাড়াও বিশ্বের আরও ২৪টি উন্নয়নশীল দেশ এই সহায়তা পাবে।

ভারতকে আর্থিক সাহায্য আমেরিকার
এর আগে করোনা ভাইরাস নামক মারাত্মক এই ভাইরাসের সঙ্গে যুঝতে নরেন্দ্র মোদী প্রশাসনকে ২.৯ মিলিয়ন ডলার অর্থ সাহায্য করার ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ভারত ছাড়া বিশ্বের আরও ৬৪টি দেশের জন্যে মোট ১৭.৪ কোটি ডলার অতিরিক্ত আর্থিক সহায়তারও ঘোষণা করেছেন ট্রাম্প।

কোন খাতে ব্যয় হবে এই অর্থ
এদিকে বিশ্ব ব্যাঙ্ক জানিয়েছে, করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্যে দেশজুড়ে ল্যাবরেটরি তৈরি করা, করোনা সংক্রমণের লক্ষণযুক্ত রোগীদের উপর বিশেষ নজরদারি করতে আলাদা করে কেন্দ্র তৈরি করতে ব্যবহার হবে ওই বিপুল অর্থ। পাশাপাশি এই ভাইরাসকে দমাতে বৈজ্ঞানিকরা যে নিরন্তর গবেষণা করে চলেছেন তার সহায়তা করার জন্যেও এই অর্থ ব্যবহৃত হবে। এছাড়া স্ক্রিনিং, সংক্রমিত ব্যক্তিদের চিহ্নিত করা, টেস্টিং কিট এবং পিপিই কেনা এবং নতুন আইসোলেশন ওয়ার্ড তৈরির কাজেও লাগানো হবে এই অর্থ।

করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে ভারতে
ইতিমধ্যেই, ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গিয়েছে। তারমধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে এই ভাইরাসের কবলে ২৩৫ জন। সরকারি ভাবে মৃতের সংখ্যা ৫৩। তারমধ্যে বেশীরভাগ হয়েছে গতমাসে দিল্লিতে জমায়েতে অংশগ্রহণকারীদের থেকে। এই পরিস্থিতিতে দেশে করোনা মোকাবিলায় সব রকম সাহায্য পেতে মরিয়া মোদী প্রশাসন।

পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা
এদিকে দেশে করোনার এই প্রবণতা অব্যহত থাকলে আগামী দু-সপ্তাহের মধ্যে এই মারণ ভাইরাসে দেশের ১০,০০০ মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে আগামী কয়েক মাসের মধ্যে হাসপাতালগুলিতে করোনা রোগী উপচে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications