বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা ১৭ নভেম্বর
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা হবে ১৭ নভেম্বর, বৃহস্পতিবার। বিচারপতি মহম্মদ গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বেঞ্চ এই রায় দেবেন। ট্রাইব্যুনালের রায়ের তালিকায় এটি এক নম্বরে ছিল। রায় ঘোষণার দিনকে ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মহম্মদ গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারকের প্যানেল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ তিনজনের বিরুদ্ধে জুলাই গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মহম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহম্মদ মোহিতুল হক এনাম চৌধুরী।
প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম ও ফারুক আহাম্মদ। শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মহম্মদ আমির হোসেন এবং মামুনের পক্ষে আইনজীবী জায়েদ বিন আমজাদ উপস্থিত ছিলেন। গত ২৩ অক্টোবর অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান সমাপনী বক্তব্যে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। অন্যদিকে, মামুনের আইনজীবী খালাস চেয়েছেন।
এই মামলায় ৮৪ জন সাক্ষীর মধ্যে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। মূল তদন্তকারী আধিকারিক মহম্মদ আলমগীরের জেরা শেষ হয় ৮ অক্টোবর। এরপর প্রসিকিউশন ও স্টেট ডিফেন্স আইনজীবীর যুক্তিতর্ক সম্পন্ন হয় ২৩ অক্টোবর। এই মামলায় তিন আসামির বিরুদ্ধে উস্কানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সইদ হত্যা, চানখারপুলে হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানোসহ পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।












Click it and Unblock the Notifications