ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয়র মৃত্যু হয়েছে, জানাল কেন্দ্র
ওমানের উপকূলে মার্কিন হামলায় নিখোঁজ তিন ভারতীয় নাবিকের মৃত্যুর বিষয়টি এদিন নিশ্চিত করেছেন কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। একই সময়ে ওই অঞ্চলে ভারতীয় নাবিকবাহী আরও একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার খবর পাওয়া গেছে।
বুধবার ওমানের উপকূলে হরমুজ প্রণালীর কাছে পালাউয়ের পতাকাবাহী তেলবাহী জাহাজ 'এমটি সেত্তেবেল্লো’ (MT Settebello)-র ওপর মার্কিন বাহিনীর হামলার ঘটনা ঘটে। ওই জাহাজে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। ওমানি সেনাবাহিনী দুজনকে উদ্ধারের পর তিন ভারতীয় নাবিক নিখোঁজ ছিলেন, যাঁদের মৃত্যুর খবর এখন নিশ্চিত করা হয়েছে।

সমাজমাধ্যমে সোনওয়াল জানান, "এমটি সেত্তেবেল্লোয় এই মর্মান্তিক ঘটনা অত্যন্ত দুঃখজনক। নিখোঁজ তিন ভারতীয় নাবিকের দেহ উদ্ধার শনাক্ত করা গেছে এবং তাঁদের মৃত্যু নিশ্চিত হয়েছে।"
এই মৃত্যুকে "আমাদের মেরিটাইম পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি" বলে উল্লেখ করে সোনওয়াল জানান, সরকার শোকসন্তপ্ত পরিবারের পাশে আছে এবং মৃতদের স্বজনদের সবরকম সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ধার হওয়া নাবিকদের দ্রুত দেশে ফেরানো এবং মৃত নাবিকদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরুর জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
জানা গিয়েছে এদিন বৃহস্পতিবার ওমানের উপকূলে ভারতীয় নাবিকবাহী আরও একটি বাণিজ্যিক জাহাজে আঘাত হানে মার্কিন বাহিনী। তবে ওই জাহাজের সমস্ত নাবিক নিরাপদ আছেন বলে আপাতত জানা গেছে। ওমানে ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা শিনাস বন্দরের কাছে ঘটে যাওয়া এই ঘটনাটি কড়া পর্যবেক্ষণ করছেন এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে সর্বক্ষণ যোগাযোগ রাখছেন।
এর আগে বুধবার ভারত এমটি সেত্তেবেল্লোর ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানায়। ভারতের বিদেশমন্ত্রক মার্কিন চার্জ ডি'অ্যাফেয়ার্স জেসন মিকসকে তলব করে এই ঘটনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়।
ফরোয়ার্ড সি-মেনস ইউনিয়ন অফ ইন্ডিয়া (FSUI)-এর সাধারণ সম্পাদক মনোজ যাদব বৃহস্পতিবার সকালে এমটি সেত্তেবেল্লোর মৃত দুই নাবিককে ডেক ক্যাডেট আদিত্য শর্মা এবং ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাশিয়া হিসেবে চিহ্নিত করেছেন। তিনি জানান, নিয়োগকারী কোম্পানির কাছ থেকেই তিনি এই নামগুলো পেয়েছেন।
যাদব আরও বলেন, "বাণিজ্যিক জাহাজ এবং এর নাবিকদের ওপর এভাবে হামলা চালানো অগ্রহণযোগ্য। এই জাহাজগুলোতে কোনো অস্ত্র ছিল না।" তিনি এই সপ্তাহে এমটি সেত্তেবেল্লো এবং এমটি মেরিভেক্স (MT Marivex)-এর ওপর মার্কিন হামলার উল্লেখ করে জানান যে, এমটি মেরিভেক্সে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর ওমানি সামরিক বাহিনী ভারতীয় নাবিকদের উদ্ধার করে।
যাদবের অভিযোগ, "যুদ্ধবিরতির সময় ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে। মার্কিন হামলায় জাহাজগুলোর ইঞ্জিন রুম লক্ষ্য করা হচ্ছে, যেখানে জ্বালানি ও অন্যান্য দাহ্য পদার্থ থাকায় নাবিকদের জীবন চরম ঝুঁকির মুখে পড়ছে।"
মার্কিন সেন্ট্রাল কমান্ড সমাজমাধ্যমে দাবি করেছে, ওমান উপসাগর দিয়ে যাওয়ার সময় এমটি সেতবেলোর ইঞ্জিন রুমে নির্ভুল নিশানায় আঘাত করা হয় কারণ নাবিকরা মার্কিন বাহিনীর নির্দেশ উপেক্ষা করেছিল। তাদের কথায়, "জাহাজটি ইরানের তেল পরিবহনের মাধ্যমে চলমান অবরোধ লঙ্ঘন করছিল।"












Click it and Unblock the Notifications