গাজায় ইসরায়েলি বিমান হামলায় শেষ হল হামাসের শীর্ষনেতা সালাহ আল-বারদাউইল-এর প্রাণ!
গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। রবিবার, ২৩ মার্চ সকালে দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষস্থানীয় নেতা সালাহ আল-বারদাউইল নিহত হয়েছেন। এই হামলায় তার স্ত্রীও প্রাণ হারিয়েছেন বলেই জানা যাচ্ছে।

হামাসের জন্য বড় ধাক্কা
খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ভোরের দিকে পরিচালিত এই বিমান হামলায় হামাসের রাজনৈতিক ব্যুরোর অন্যতম প্রধান সদস্য আল-বারদাউইলকে লক্ষ্যবস্তু করা হয়। সংগঠনের জন্য এটি একটি বড় ধাক্কা, কারণ তিনি হামাসের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক ছিলেন। তাই তাঁকে প্রাণে শেষ করে দেওয়া এক বড় লক্ষ্যপূরণ বলেই মনে করা হচ্ছে।
ইসরায়েলে হুথি ক্ষেপণাস্ত্র হামলা
এই সংঘর্ষের মধ্যেই, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা আকাশেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে সক্ষম হয়, ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই হামলা মধ্যপ্রাচ্যের অস্থিরতা আরও বাড়িয়ে তুলেছে।
উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা
বিশ্লেষকদের মতে, সালাহ আল-বারদাউইলের মৃত্যুর ফলে হামাস প্রতিশোধ নিতে আরও আক্রমণাত্মক পদক্ষেপ নিতে পারে, যা সংঘাতকে আরও ভয়াবহ রূপ দিতে পারে। ইতিমধ্যেই ইসরায়েল ও হামাসের মধ্যে ক্রমাগত হামলা-পাল্টা হামলা চলছে, যা গাজার মানবিক সংকট আরও গভীর করছে। এই উত্তপ্ত পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরও ব্যাপক হিংসার পরিস্থিতি তৈরি করবে বলেই আশঙ্কা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications