ফ্লোরিডায় প্রেসিডেন্টের বাসভবনে ঢোকার চেষ্টা, গুলিতে নিহত সশস্ত্র যুবক
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসভবন মার এ লাগোতে অনধিকার প্রবেশের চেষ্টা ঘিরে চাঞ্চল্য ছড়াল। নিরাপত্তা বলয় ভেঙে ঢোকার চেষ্টা করার সময় গুলিতে নিহত হন এক সশস্ত্র যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে ওয়েস্ট পাম বিচ ফ্লোরিডা অবস্থিত ওই এস্টেটে। ঘটনার সময় ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ওয়াশিংটনে হোয়াইট হাউসে অবস্থান করছিলেন বলে জানিয়েছে প্রশাসন।
মার্কিন সিক্রেট সার্ভিসের বিবৃতি অনুযায়ী, রাত প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ উত্তর দিকের গেটের কাছে সন্দেহভাজন এক যুবককে দেখা যায়। তার হাতে ছিল শটগানের মতো অস্ত্র ও একটি জ্বালানি ক্যান। সতর্কবার্তা উপেক্ষা করে সে নিরাপত্তা বলয়ের ভেতরে ঢুকে পড়লে সিক্রেট সার্ভিসের এজেন্ট ও পাম বিচ কাউন্টি শেরিফের দপ্তরে এক ডেপুটি গুলি চালান। ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

নিহতের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, তিনি উত্তর ক্যারোলিনার বাসিন্দা ও পরিবারের তরফে কয়েকদিন আগে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। তদন্তকারীদের অনুমান, উত্তর ক্যারোলিনা থেকে দক্ষিণমুখে রওনা দিয়ে পথে একটি শটগান সংগ্রহ করেছিলেন তিনি।
তদন্তে একাধিক সংস্থা
ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, মার্কিন সিক্রেট সার্ভিস ও পাম বিচ কাউন্টি শেরিফের দপ্তর। নিহতের উদ্দেশ্য, পটভূমি ও বলপ্রয়োগের যৌক্তিকতা সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। নিয়ম মেনে সংশ্লিষ্ট সিক্রেট সার্ভিস এজেন্টদের আপাতত প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।
উল্লেখযোগ্য বিষয়, ঘটনাস্থলে তখন সিক্রেট সার্ভিসের কোনও সুরক্ষিত ব্যক্তি উপস্থিত ছিলেন না। আইনশৃঙ্খলা বাহিনীর কেউ আহতও হননি।
আগেও ছিল নিরাপত্তা হুমকি
প্রেসিডেন্ট ট্রাম্প অতীতে একাধিকবার নিরাপত্তা হুমকির মুখে পড়েছেন। ২০২৪ সালের ১৩ জুলাই পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে আততায়ীর গুলিতে আহত হন তিনি। এছাড়া গত ১৫ সেপ্টেম্বর ওয়েস্ট পাম বিচে তাঁর গলফ কোর্সের কাছে রাইফেল হাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল, যিনি নাকি আক্রমণের অপেক্ষায় ছিলেন। চলতি মাসেই সেই অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
এই সাম্প্রতিক ঘটনার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications