গত ৩৮ দিনে পুলিশের চোখে ধুলো দিয়ে এই সমস্ত জায়গায় গা ঢাকা দেয় হানিপ্রীত
এক নজরে দেখা যাক হানিপ্রীত গত ৩৮ দিন কোথায় গা ঢাকা দিয়েছিলেন।
ধর্ষণের দায়ে ধৃত ধর্মগুরু রাম রহিমের পালিত কন্য়া হানিপ্রীত ইনসানকে নিয়ে এই ক'দিনে জলঘোলা কিছু কম হয়নি। ধর্মগুরুর সঙ্গে তার সম্পর্ক ঘিরে একাধিক খবরের পাশাপাশি হানিপ্রীতের গা ঢাকা দেওয়া নিয়েও বেশ তোলপাড় হয় । হানিপ্রীতকে খুঁজতে হরিয়ানা ও পাঞ্জাব পুলিশের একাংশ নেপাল সীমান্তে কড়া নজর রাখতে শুরু করে।
কিন্তু এই ক'টাদিন হানিপ্রীত কোথায় ছিল? কী করছিল? কেনইবা সে সামনে আসেনি, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এক নজরে দেখা যাক হানিপ্রীত গত ৩৮ দিন কোথায় গা ঢাকা দিয়েছিল।

কেন গা ঢাকা দিয়েছিল হানিপ্রীত?
এই ক'দিন ধরে কেন নিজেকে লোকচক্ষুর আড়ালে রেখেছিল হানিপ্রীত, এই প্রশ্নের উত্তরে দেশের এক প্রথম সারির সংবাদমাধ্যমকে হানিপ্রীত জানায় যে ,সে অবসাদে ভুগেই লুকিয়ে ছিল। আইনি প্রক্রিয়া সম্পর্কে সে অবহিত ছিল না।

কোথায় ছিলেন হানিপ্রীত?
ধর্ষক রামরহিম যেদিন গ্রেফতার হয়, সেদিন থেকেই রোহতকের গেস্ট হাউসে ছিল হানিপ্রীত। পরদিন ২৬ অগাস্ট সিরসা আশ্রমে এসে বিপাসনার সঙ্গে দেখা করে হানিপ্রীত। এরপরদিন সকালেই ডেরার সিরসা আশ্রম ছেড়ে হানিপ্রীত চলে যায় । তারপর থেকেই খোঁজ ছিল না তার।

হনুমানগড়ে গা ঢাকা দেয় হানিপ্রীত
হানিপ্রীতের ভাইয়ের শ্বশুরবাড়ি রাজস্থানের হনুমানগড়ে। সেখানেই ২৮ অগাস্ট থেকে গা ঢাকা দিয়ে থাকে হানিপ্রীত। পুলিশসূত্রে মিলেছে এই খবর।

পুলিশি খোঁজ থেকে বাঁচতে পলায়ন
২৯ অগাস্ট হানিপ্রীতের খোঁজে হনুমানগড়ের ওই বাড়িতে পুলিশ যায়। এদিকে, ততক্ষণে সেখান থেকে পালিয়ে আসে হানিপ্রীত। চলে যায় সাঙ্গারিয়ার, এক ডেরা ভক্তের বাড়িতে আশ্রয় নেয় সে।

২ সেপ্টেম্বর দেখা যায় হানিপ্রীতকে
২রা সেপ্টেম্বর উদয়পুরের এক শপিং মলে দেখা যায় হানিপ্রীতকে। পুলিশ পৌঁছলে সেখান থেকে ততক্ষণে সে চম্পট দেয়।

নেপালে হানিপ্রীত
এই ঘটনার কিছুদিনের মাথায় নেপালে হানিপ্রীত রয়েছে বলে খবর মেলে। তখনই খোঁজ শুরু করে পুলিশ।

রামরহিমের গ্রামে যায় হানিপ্রীত
রামরহিমের নিজের গ্রাম গুরুসর মোদিয়াতে এরপর গা ঢাকা দেয় হানিপ্রীত। সেখানে পরে পুলিশ গেলে দেখে , ওই জায়গা থেকেও ততক্ষণে চম্পট দিয়েছে ধর্মগুরুর এই পালিত কন্য়া।

দিল্লিতে দেখা যায় হানিপ্রীতকে
এই ঘটনার কিছুদিন বাদে নিজের আইনজীবীর সঙ্গে দেখা করতে দিল্লিতে যায় হানিপ্রীত। তখনই সিসিটিভি ফুটেজ-এ ধরা পড়ে যায় সে। এরপর আজ পুলিশের হাতে গ্রেফতার হয় হানিপ্রীত সিং ইনসান।












Click it and Unblock the Notifications